বজরঙ্গি ভাইজানের পরিচালক কবির খান বলেছেন, মোগলদের খলনায়ক হিসেবে দেখানো চলচ্চিত্রগুলো নিয়ে তিনি বিরক্ত। এসব ছবিকে কোনোভাবেই তিনি মূল্য দিতে রাজি নন। কবির মনে করেন, মোগলরা বরং সত্যিকার ‘রাষ্ট্র নির্মাতা’।

কবির খান বলেছেন, ইতিহাসের ওপর নির্ভর না করে বাজারে প্রচলিত জনপ্রিয় নানা গল্পগাছাকে ভিত্তি করে অনেক ছবিতে মোগলদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টিকে তিনি ‘সমস্যাজনক ও বিরক্তিকর’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেছেন।

বলিউড হাঙ্গামাকে কবির বলেন, ‘বিষয়টা আমার কাছে খুবই সমস্যাজনক ও বিরক্তিকর মনে হয়। যেটা আমাকে সত্যিই মন খারাপ করিয়ে দেয় তা হলো, এসব করা হচ্ছে কেবল চলতি স্রোতে গা ভাসিয়ে। একজন পরিচালক নিশ্চয়ই গবেষণা করে কোনো বিষয় দেখাতে চান...অবশ্যই তিনি ভিন্ন মত দেখাতে পারেন। আপনি যদি মোগলদের সমালোচনা করতে চান, অনুগ্রহ করে গবেষণার ওপর ভিত্তি করে পর্দায় দেখান। কেন তাদের খলচরিত্র মনে করছেন, সেটা আমাদের জানান। ইতিহাস পড়লে এটা বোঝা কষ্টকর যে কেন তাদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।’

মোগলদের রাষ্ট্র নির্মাতা হিসেবে আখ্যা দিয়ে কবির খান আরো বলেন, ‘তাদের যদি খুনি হিসেবে দেখাতে চান তাহলে তার ভিত্তি কী? দয়া করে ঐতিহাসিক সূত্রগুলো সামনে আনুন। সামনাসামনি বিতর্ক হোক। কিন্তু জনপ্রিয়তার জন্য স্রোতে গা ভাসানো ঠিক নয়।’

কবির খান বলেন, আজকের দিনে মোগল ও ভারতের অন্য মুসলিম শাসকদের খলনায়ক বানানোটা খুব সহজ কাজ। তাদের আগে থেকে ঠিক করে রাখা স্টেরিওটাইপে হাজির করাটা হতাশাজনক।

বলিউডে গত কয়েক বছরে বেশকিছু ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। পদ্মাবত, পানিপথ এবং তানহাজি ছবিগুলো নিয়ে সমালোচনা হয়েছে। তানহাজিতে অভিনয় করা সাইফ আলী খানও স্বীকার করেছেন তার ছবিতে ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে সাইফ বলেন, বিভিন্ন কারণে তিনি বিষয়টি নিয়ে কথা বলেননি। চরিত্রটি করার জন্য তিনি খুব আগ্রহী ছিলেন। সামনে এমন হলে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন।

ডিজনি হটস্টারে আজ দ্য এম্পায়ার নামে একটি সিরিজ মুক্তি পাবে। মোগল সম্রাট বাবরের জীবনীনির্ভর এ সিরিজ পরিচালনা করেছেন নিখিল আদভানি।

 

সূত্র: বলিউড হাঙ্গামা