ড্রিউ ব্যারিমোর অনেকদিন আলোচনার কিছুটা বাইরে ছিলেন। এবার আলোচনায় এলেন, তবে কিছুটা সমালোচিত হয়ে। ব্যারিমোর তার টক শো নিয়ে হাজির হচ্ছেন নতুন করে। জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বর থেকে আবার শুরু করবেন দ্য ড্রিউ ব্যারিমোর শো। এখানেই শুরু হয়েছে সমালোচনা। হলিউডে চলমান ধর্মঘটের কারণে প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই নিয়মিত কাজ থামিয়ে রেখেছেন। এর মধ্যে নিজের শো নিয়ে আসার কারণে ড্রিউর সমালোচনা হচ্ছে।

তবে টক শো চালু করে কোনোভাবেই গিল্ড বা ধর্মঘটের নিয়ম ভাঙছেন না ব্যারিমোর। কেননা টক শো, গেম শো, ভ্যারাইটি শো ও সোপ অপেরা নিয়ে ‘‌এসএজি-এএফটিআরএ’ তাদের নীতি নবায়ন করেছে ২০২২ সালে। কিন্তু এবার ধর্মঘটের জন্য রাইটার্স গিল্ডের চিত্রনাট্যকাররা কাজ করবেন না। ফলে বাইরে থেকে চিত্রনাট্যকার আনলে সেটাও হবে নিয়ম ভঙ্গ। 

টেলিভিশনের চিত্রনাট্যকার জেনেফার গ্রস এ নিয়ে লিখেছেন, ‘‌ড্রিউ ব্যারিমোর সবসময়ই একজন সচেতন অভিনেত্রী ও কর্মী হিসেবে পরিচিত। আশা করি, তিনি তার কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করবেন।’ 

কমিক লেখক অ্যাডাম কনোভার লিখেছেন, ‘‌বিষয়টা অত্যন্ত অসন্তোষজনক। ড্রিউর শোয়ে যাদের লেখার কথা, তারা এখন ধর্মঘটে। তাহলে তো তিনি এদের বাদ দিয়েই কাজ শুরু করছেন।’ ড্রিউকে সরাসরি সম্বোধন করে তিনি লিখেছেন, ‘‌ড্রিউ, আপনি বুঝতে পারছেন না এতে ইউনিয়নের ক্ষতি হচ্ছে? পাশাপাশি ক্ষতির মুখে পড়বে আমাদের কর্মীরা। আরেকবার ভেবে দেখার অনুরোধ রইল।’

এর আগে ১০ সেপ্টেম্বর ড্রিউ ব্যারিমোর ঘোষণা করেছিলেন তার শোর। তিনি জানিয়েছিলেন, ১৮ সেপ্টেম্বর থেকে এটি শুরু করবেন তিনি। ড্রিউ ব্যারিমোর লিখেছিলেন, ‘‌এটা আমার সিদ্ধান্ত। নিজের ইচ্ছা থেকে কাজটি আমি করছি। এতে কোনো সিনেমার প্রচারণা করা হবে না। এর আগে বৈশ্বিক অতিমারীর সময়ও আমরা শো করেছি। শোটি স্পর্শকাতর ও সংকটজনক সময়েও চলেছে ও নিজের ভূমিকা পালন করেছে।’

সূত্র: ভ্যারাইটি