ভারতীয় সিনেমায় নব্বইয়ের দশকের এক দর্শকপ্রিয় মুখ মনীষা কৈরালা। দীর্ঘ সময় পর তিনি কাজ করছেন জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে। শেষ ১৯৯৬ সালে খামোশি: দ্য মিউজিক্যালে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন মনীষা। সিনেমাটি পরিচালনা করেছিলেন সঞ্জয়।

সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত ‘‌নেক্সট অব নেটফ্লিক্স’-এ মনীষা কৈরালাসহ হীরামান্ডির সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ ও শারমিন সেগাল উপস্থিত ছিলেন। অভিনেত্রীদের সেখানে হীরামান্ডি মুক্তি নিয়ে অনেক উৎসুক দেখা যায়। জানা যায়, ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে চলতি বছরের শেষে মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজটি।

সে অনুষ্ঠানেই মনীষা কৈরালা জানিয়েছেন, এত দীর্ঘ সময় পর সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। খামোশির পর প্রায় ২৮ বছর পর হীরামান্ডির মধ্য দিয়ে পুনরায় কাজের অভিজ্ঞতা হয়েছে মনীষার। তিনি বলেছেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করা একটি অসাধারণ অভিজ্ঞতা এবং সঞ্জয়কে তিনি একজন শিল্পী হিসেবে গড়ে উঠতে দেখেছেন। সিরিজটির শুটিং প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা সবাই আমাদের অভিনয়ের সেরাটিই দেয়ার চেষ্টা করেছি। কারণ আমরা সিনেমার একজন মায়েস্ত্রোর সঙ্গে কাজ করছি।’

মনীষা আরো জানিয়েছেন, তিনি দীর্ঘ ২৮ বছর পর যেহেতু সঞ্জয়ের সঙ্গে কাজ করেছেন, তাই এর চেয়ে ভালো কিছু আর হতে পারে বলে তিনি ভাবেন না।

মনীষা বলেন, ‘সিনেমা ও অভিনয় একটি দীর্ঘ যাত্রা। আমি তাকে একজন শিল্পী হিসেবে, একজন মায়েস্ত্রো হিসেবে, একজন প্রতিভাবান মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখেছি।’ ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সঞ্জয় লীলা বানসালিকে দেখেন মনীষা। তিনি মনে করেন, তিনি ও হীরামান্ডিতে অভিনীত সবাই ভাগ্যবান সঞ্জয়ের সঙ্গে কাজ করতে পেরে। তাদের সবারই ভীষণ পরিশ্রম রয়েছে এ কাজের পেছনে। মনীষা বলেন, ‘আমরা ঘাম ঝরিয়েছি এবং আমাদের অভিনয়কে নিখুঁত করার চেষ্টা করছি।’ দর্শককে সিরিজটি দেখানোর জন্য তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানা যায়।

সেই সঙ্গে দীর্ঘ কয়েক বছর একেবারেই লাইম লাইটের বাইরে থাকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা রয়েছেন। তিনিও জানান হীরামান্ডিতে কাজের অভিজ্ঞতা নিয়ে। সোনাক্ষী বলেন, ‘মনীষা একজন অসাধারণ মানুষ। আমি সবসময় তার সঙ্গে কাজ করতে চেয়েছি, হীরামান্ডিতে অভিনয়ের মধ্য দিয়ে মনীষার সঙ্গে একই ফ্রেমে থাকতে পেরে আমি খুবই আনন্দিত।’

এছাড়া সিরিজে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি। এর আগে তিনি সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতে অভিনয় করেছিলেন। হীরামান্ডি নিয়ে অদিতি জানানা, ‘সঞ্জয় স্যারের সঙ্গে কাজ করার একটি দুর্দান্ত স্বপ্ন ছিল এবং তিনি এ অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ বলেও জানিয়েছেন।’ হীরামান্ডির বাকি অভিনেত্রী সানজিদা শেখ ও শারমিন সেগাল দুজনই ভীষণভাবে নিজেদের ভাগ্যবান মনে করেন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে পেরে।

বানসালির অন্যান্য সিনেমার মতো হীরামান্ডিও বড় বাজেটে নির্মিত। এটি একাধারে নারীদেরও ক্ষমতার গল্প। সিরিজটি নেটফ্লিক্সের ব্যানারে নির্মিত এবং সেখানেই স্ট্রিম হবে। মুক্তির তারিখ এখনো জানা না গেলেও ২০২৪ সালের শেষেই মুক্তি পেতে চলেছে হীরামান্ডি।

দি ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ফারিহা আজমিন