আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডায় অভিনয় করে ফিরেছিলেন কারিনা কাপুর। মাঝে সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও লাইমলাইটে ছিলেন কম। লাল সিং চাড্ডা থেকে নতুন করে শুরু হতে পারত। কিন্তু সিনেমাটি বয়কটের মুখে পড়ে বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারল না। তাতে কারিনার খুব যে ক্ষতি হয়েছে এমন না। তিনি নিজের মতোই আছেন। অন্যান্য সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন। তিনি বিশ্বাস করেন, একজন দর্শক তার পছন্দের ও ভালো সিনেমা নিজেই খুঁজে নেয়। সেটা থিয়েটারে মুক্তি পাক কিংবা ওটিটিতে। কারিনা আরো মনে করেন, অতিমারীর পর হলে ফিরতে পেরে দর্শকরা খুশি।
তার কথার প্রমাণ পাওয়া যায় লাল সিং চাড্ডা থেকেই। বক্স অফিসে ভালো না করলেও বহু মানুষ ওটিটিতে দেখেছে সিনেমাটি। কারিনা বলেন, ‘মানুষ আসলে বিনোদন চায়। সেটা সে যেখান থেকেই পাক, নিজের মতো নিয়ে নেবে। সিনেমাটিতে যদি ভালো গল্প থাকে, তাহলেই পছন্দ করবে দর্শক। তারা আমোদিত হতে চান। সিনেমা দেখে আনন্দ পেতে চান। এখন কভিড-১৯ নেই। তারা থিয়েটারে সিনেমা দেখতে পারছেন, তাই তারা খুশি।’
কারিনা মনে করেন, ওটিটিতে সিনেমা সহজলভ্য হলেও ভালো না হলে দর্শক তা দেখবে না। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন মার্ভেলের অডিও সিরিজ ওয়েস্টওয়ার্ল্ডে। সিরিজে ব্ল্যাক উইডোর চরিত্রে কণ্ঠ দেবেন কারিনা কাপুর খান। সঙ্গে স্টার লর্ডের চরিত্রে কণ্ঠ দিচ্ছেন সাইফ আলী খান। এ সিরিজের লঞ্চিং প্রোগ্রামে পিটিআইয়ের সঙ্গে কথোপকথনে তিনি এসব বিষয় তুলে ধরেন।
বলিউড একটু পিছিয়ে পড়েছে গত কয়েক বছরে। সেখান থেকে ফিরে আসার উপায় কী? এ নিয়ে কারিনা বলেন, ‘আমাদের এমন কোনো থিম বা গল্প নিয়ে কাজ করতে হবে, যা দর্শককে ধরে রাখে। আরো আগ্রহোদ্দীপক গল্প প্রয়োজন। এছাড়া আমাদের লাগবে ভালো চিত্রনাট্যকার। আমরা এ নিয়ে কাজ করছি এবং মনে করি আমরা ঠিক পথেই আছি। কনটেন্ট আসলে মূল। গল্প মানুষকে আনন্দ দিতে পারে, দুঃখীও করতে পারে। তাই গল্প নিয়ে কাজ করা দরকার।’
কারিনা কাপুর খান তার নতুন সিনেমা নিয়ে এখন কাজ করছেন। ‘দ্য ক্রু’ নামের এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন টাবু ও কৃতি শ্যানন। সিনেমাটি নারীদের সংগ্রাম ও তাদের মনোজগতের গল্প বলে। টাবুর সঙ্গে অভিনয় প্রসঙ্গে কারিনা বলেন, ‘লোলো (কারিশমা কাপুর) টাবুর সঙ্গে বেশকিছু সিনেমায় অভিনয় করেছে। লোলোর সঙ্গে সিনেমার সেটে ঘুরতে ঘুরতেই টাবুর সঙ্গে আমার পরিচয়। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে, কারণ সে একজন অসাধারণ অভিনেত্রী।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










