রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক করছে সমগ্র বিশ্ব। ভারতীয় উপমহাদেশ ও ভারতও এর ব্যতিক্রম নয়। এর মধ্যে সিনেমা অঙ্গন থেকেও তার জন্য শোকবার্তা দেয়া হয়েছে। কমল হাসান তাদের মধ্যে অগ্রগণ্য। তিনি টুইটে লিখেছেন, ‘ইংল্যান্ডের দীর্ঘ সময় ধরে থাকা সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথের বিদায়ে আমি গভীরভাবে শোকগ্রস্ত। তিনি কেবল ইংল্যান্ড নয়, সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।’

কমল হাসানই একমাত্র তামিল অভিনেতা, যিনি রানীর সঙ্গে একাধিকবার দেখা ও কথা বলার সুযোগ পেয়েছিলেন। রানী এলিজাবেথ কমল হাসান পরিচালিত মরুধানায়গম সিনেমার উদ্বোধনে অংশ নেয়ার পাশাপাশি শুটিং দেখেছিলেন কিছুক্ষণ। এ সময় কমল হাসান একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেন। দৃশ্যটিতে উপনিবেশ ও উপনিবেশবাদ বিরোধী কথা ছিল। কমল হাসান বলেন, ‘রানী যখন এখানে এসেছিলেন, তখন আমাকে একটি দৃশ্যে অভিনয়ের জন্য বলা হয়। এমন একটি দৃশ্য ও সংলাপ বেছে নিলাম, যা আমার পূর্বপুরুষ বলতে পারেনি। ৭০ বছর আগে এ ধরনের কথা রানীর সামনে বলার সুযোগ ছিল না। তখন এ ধরনের কথা বললে আমাকে জেলে যেতে হতো।’

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস