বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে একটি মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এ উৎসবে সেরা ঐতিহাসিক সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এ পরিচালক। এ নিয়ে ফাখরুল আরেফিন খান বলেন, “ফরাসি যুবক জ্যঁ কুয়েকে নিয়েই ‘জেকে ১৯৭১’। তরুণ জ্যঁ কুয়ের সঙ্গে আমাদের দেশের সরাসরি কোনো যোগাযোগ ছিল না, এমনকি বাংলাদেশে তিনি কখনো আসেননি। মুক্তিযুদ্ধের সময় শুধু মানবিক কারণে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তিনি ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। মানবিক এ মানুষটির কথা আমরা অনেকেই জানি না। তার কথা জানতেই আমরা জেকে ১৯৭১ সিনেমাটি নির্মাণ করেছি। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ অর্জনের মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারছেন। আশা করছি, তার কথা ধীরে ধীরে অনেকেই জানতে পারবেন।”

‘জেকে ১৯৭১’ নির্মাণ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফিন খান আরো বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এ সিনেমা নির্মাণ করেছি।’ ছবিটি কবে মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ছবির কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। এরই মধ্যে মুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ছবির পোস্টার ও টিজার প্রকাশ করেছি। আশা করছি শিগগিরই ছবিটির মুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। ‘জেকে ১৯৭১’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী। এ সিনেমায় একটি ইংরেজি গান রয়েছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন সোলস ব্যান্ডের নাসিম আলী খান। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া।