অভিনেতা জর্জ ক্লুনির বয়স ৬৩ বছর হলো। নব্বইয়ের দশকে হলিউডের বেশকিছু রোমান্টিক জনরার সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু ক্লুনি মনে করেন এখন আর সে সময় নেই। কেননা তার বয়স হয়েছে অনেক। এর আগেও এমন আভাস দিয়েছিলেন কিন্তু এবার একটি পডকাস্টে সরাসরিই বললেন তিনি আর রোমান্টিক সিনেমায় অভিনয় করবেন না। ২০২২ সালে সর্বশেষ তিনি অভিনয় করেন রোমান্টিক কমেডি ‘টিকিট টু প্যারাডাইস’-এ। সিনেমাটি বক্স অফিসে বিশ্ব থেকে ১৬ কোটি ডলারের বেশি আয় করেছিল।

ক্লুনি বলেন, ‘দেখুন, আমার বয়স এর মধ্যেই ৬৩ বছর হলো। আমি তো ২৫ বছর বয়সী যুবকের সঙ্গে প্রতিযোগিতা করতে যাব না। এটা আমার কাজ না। আমি রোমান্টিক সিনেমায় আর অভিনয় করছি না।’

২০০০-এর দশকে জর্জ ক্লুনিকে বিশ্বের সুদর্শনতম পুরুষ হিসেবে অভিধা দেয়া হয়েছিল। সময়টা ছিল তার ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু তারপর অনেক বছর পার হয়ে গেছে। ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ান ফাইন ডে’। এ রকম রোমান্টিক সিনেমা দর্শক সচরাচর চান। এরপর ২০০৩ সালে মাইকেল পেফিয়ারের ‘ইনটলারেবল ক্রুয়েলটি’তে অভিনয় করেন ক্যাথরিন জেটা জোনসের বিপরীতে। টিকিট টু প্যারাডাইসে অভিনয় করেছিলেন জুলিয়া রবার্টসের বিপরীতে। জুলিয়াও অনেক দিন পর রোমান্টিক সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি জানিয়েছিলেন ভালো চিত্রনাট্যের অভাবে তিনি ২০ বছর এ ধারার সিনেমায় অভিনয় করেননি।

জর্জ ক্লুনি কিছুদিন আগে ‘ওল্ফস’ নামের একটি সিনেমায় অভিনয় করেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ব্র্যাড পিট। অ্যাকশন জনরার সিনেমাটি বেশ শোরগোল তুললেও বক্স অফিসে ভালো করতে পারেনি।

সূত্র: ভ্যারাইটি