নোবেলজয়ী রুশ সাহিত্যিক বরিস পাস্তেরনাকের উপন্যাস ডক্টর জিভাগো অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেন ইংরেজ পরিচালক ডেভিড লিন। ১৯৬৫ সালে মুক্তি পেয়েছিল এই এপিক রোমান্টিক ড্রামা। ছবিটি সর্বকালের অন্যতম সেরা ব্রিটিশ সিনেমা হিসেবে স্বীকৃত। ছবিতে ছিলেন জুলি ক্রিস্টি, ওমর শরীফ ও অ্যালেক গিনেজের মতো তারকারা। রুশ বিপ্লবের প্রেক্ষাপটে এ ক্ল্যাসিক প্রেমকাহিনীর চলচ্চিত্রে রূপায়ণ হয়তো কখনই বাস্তবায়িত হতো না, যদি পরিকল্পিত একটি মার্কিন প্রডাকশন আগেই শুরু হয়ে যেত।

ব্রিটিশ চলচ্চিত্র ঐতিহাসিক জেমস ফেনউইক অনুসন্ধান থেকে উদ্ধার করেছেন যে হলিউড স্টার কার্ক ডাগলাস এবং পরিচালক স্ট্যানলি কুবরিক ১৯৫০-এর দশকের শেষ ভাগে ডক্টর জিভাগোর চলচ্চিত্র নির্মাণের স্বত্ব্ব সংগ্রহে জোর চেষ্টা করেন।

কুবরিক পাস্তেরনাকের কাছে সরাসরি চিঠি লিখেছিলেন স্বত্বের জন্য। আর ডাগলাসের আশা ছিল তিনি তত্কালীন সোভিয়েত ইউনিয়নে গিয়েই এর শুটিং করবেন। ইতিপূর্বে প্রকাশিত হয়নি এমন কিছু দলিল ঘেঁটে এসব বিষয় উদ্ঘাটন করেছেন জেমস ফেনউইক।


দর্শকরা কেবল কল্পনা করতে পারেন পুরো ব্যাপারটা কেমন হতে পারত। ডাগলাস ও কুবরিক একসঙ্গে দুটো মাস্টারপিসে কাজ করেছেন—পাথস অব গ্লোরি ও স্পার্টাকাস। এর মধ্যে পাথস অব গ্লোরি সেরা যুদ্ধবিরোধী ছবিগুলোর একটি অন্যদিকে স্পার্টাকাস দাস বিদ্রোহের অমর গাথা। প্রথমটি নির্মিত হয়েছিল ১৯৫৭ সালে, পরেরটি ১৯৬০-এ।

ফেনউইক বলেছেন, ‘ডাগলাস ও কুবরিকে ক্যারিয়ারে জিভাগো অংশটি এতদিন কারো জানা ছিল না।’

পাস্তেরনাক তার উপন্যাস শেষ করেন ১৯৫৫ সালে। সোভিয়েত ইউনিয়নে নিষিদ্ধ হওয়ার পর ১৯৫৭ সালে বইটি ইতালীয় এক প্রকাশকের হাতে প্রকাশিত হয় পশ্চিমা দুনিয়ায়। এ প্রকাশক পাস্তেরনাকের কাছ থেকে বইটির স্বত্ব কিনে নিয়েছিলেন। ১৯৫৮ সালে পাস্তেরনাক নোবেল পুরস্কার পান।

ফেনউইক ১৯৫৯ সালের ৮ জানুয়ারি পাস্তেরনাককে লেখা কুবরিকের একটি চিঠি উদ্ধার করেছেন। চিঠিতে কুবরিক তার আগের কাজগুলোর মান সম্পর্কে বলছিলেন—‘আমরা সর্বশেষ পাথস অব গ্লোরি নির্মাণ করেছি। ছবিটি বেলজিয়াম, ব্রাজিল ও ফিনল্যান্ডে বছরের সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে। আমরা এখন ডক্টর জিভাগোর মোশন পিকচার স্বত্ব কিনতে আগ্রহী। আমরা ইতালীয় প্রকাশকের নিউইয়র্কের আইনি প্রতিনিধির সঙ্গে আলাপ করেছি। চুক্তির বিষয়টি আটকে আছে তাদের কারণে।’

ফেনউইক শেফিল্ড হলাম ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার। এসব আবিষ্কার তার প্রকাশিত দুটো বই স্ট্যানলি কুবরিক প্রডিউসেস এবং শ্যাডো সিনেমা: দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড প্রডাকশন কনটেক্সটস অব আনমেড ফিল্মস এ বিস্তারিত পাওয়া যাবে। জিভাগো ও কুবরিকের মধ্যে এ সম্পর্কের প্রমাণ ফেনউইক খুঁজে পেয়েছেন ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন এবং উইসকনসিন সেন্টার ফর ফিল্ম অ্যান্ড থিয়েটার রিসার্চ-এ। কুবরিক যে একটা মাস্টারপিস উপন্যাসকে চলচ্চিত্রে রূপায়ণ করতে চেয়েছিলেন, সেটা শুরুতে ফেনউইককে বিস্মিত করেছিল, কারণ তিনি তখন মূলত পাল্প ক্রাইম ফিকশন নিয়ে কাজ করতেন। আর্কাইভ থেকে ফেনউইক কুবরিকের একটি নোটবুক উদ্ধার করেছেন, যেখানে এক পাতায় ১৯৫০-এর দশকের শুরুর দিকে পরিচালক জিভাগো প্রসঙ্গে লিখেছেন।

ডাগলাস যে সোভিয়েত ইউনিয়নে গিয়ে শুটিং করতে চেয়েছিলেন সেটাও যথেষ্ট কৌতূহলোদ্দীপক। কারণ তখন এমন কাজ তাকে যুক্তরাষ্ট্রে ‘কমিউনিস্ট’ পরিচয়ে চিহ্নিত করতে পারত, যা অনেকটা উইচ হান্টের মতো ব্যাপার ছিল। তবে ডাগলাস হলিউডে অ্যান্টি-কমিউনিস্ট ব্ল্যাকলিস্টের সমাপ্তি টানতে চেষ্টা করেছেন। স্পার্টাকাস ছবিতে কালো তালিকায় থাকা ডাল্টন ট্রাম্বোকে দিয়ে চিত্রনাট্য লেখানোর জন্য তিনি ইউনিভার্সাল পিকচারসকে রাজি করিয়েছিলেন।

 

সূত্র: দ্য গার্ডিয়ান