দেড় বছর পর ঢাকার মঞ্চে বাপ্পা মজুমদার। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাপ্পা মজুমদার মঞ্চে উঠবেন শ্রোতা দর্শককে গান শোনাতে। এবারের শোয়ের নামকরণ হয়েছে বাপ্পা মজুমদার’স অডিসি। আয়োজন করেছে ‘কারখানা’। সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর এমন আয়োজনে সংগীত পরিবেশন করেছিলেন বাপ্পা মজুমদার। 

আজ টানা ৩ ঘণ্টারও বেশি গান শোনাবেন বাপ্পা মজুমদার। আজকের শোয়ে গিটার নিয়ে হাজির হচ্ছেন তমাল। বাংলাদেশের বরেণ্য সংগীত ব্যক্তিত্ব সুধীন দাসের ছেলে নিলয় দাসের কাছে গিটার শিখেছিলেন তমাল ও বাপ্পা মজুমদার। 

অডিসি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আজকের শোটি আমার জন্য অনেক আনন্দের ও উচ্ছ্বাসের। সত্যি বলতে, ইচ্ছে ছিল ঠিক এমনই আরেকটি শো করার। এর মধ্যে কারখানা থেকেও প্রস্তাব এল, তারা আমাকে নিয়ে এমন একটি আয়োজন করতে চায়। আলাপ-আলোচনা শেষে তারিখ চূড়ান্ত হওয়ার পর বহুবার আমরা রিহার্সাল করেছি একটি ভালো শো শ্রোতা দর্শককে উপহার দেয়ার জন্য।’

শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে বাপ্পা বলেন, ‘আজ শুধু এতটুকুই বলতে চাই, এতদিন ধরে যারা আমার গান শুনে এসেছেন তাদের পছন্দের প্রায় সব গানই শোনাব। আবার কিছু কিছু গান শোনানোর সুযোগও থাকে না। সে গানগুলোও আজ শোনাতে চাই। শোয়ের জন্য গানগুলোর কম্পোজিশনে কিছুটা পরিবর্তন এনেছি। আশা করছি, ঠিকঠাক মতো সবাইকে গান শুনিয়ে মুগ্ধ করতে পারব। ধন্যবাদ আমার সঙ্গে থাকা পুরো টিমকে, ধন্যবাদ কারখানাকে।’