ইউনিভার্সাল পিকচারসের ওয়েস্টার্ন ড্রামা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সিভিল ওয়ারের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে ২০১৬ সালে একই নামে প্রকাশিত পলেট জিলসের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এ ছবি। নিউজ অব দ্য ওয়ার্ল্ড আসন্ন বড়দিনে মুক্তি দেয়ার কথা ঘোষণা করা হয়েছে।
নিউজ অব দ্য ওয়ার্ল্ড পরিচালনা করেছেন পল গ্রিনগ্রাস। টম হ্যাংকসকে দেখা যাবে ক্যাপ্টেন জেফারসন কাইল কিডের চরিত্রে। জেফারসন টেক্সাসের বুকে ঘুরে বেড়ায় আর মানুষকে গল্প শোনায়। ক্যাপ্টেন সিভিল ওয়ারের একজন সেনা। তার ঘুরে বেড়িয়ে চলা জীবনে হঠাৎই এক ছন্দপতন ঘটে। কারণটি এক কিশোরী, নাম তার জোহানা। যুদ্ধের সময় বেশ কয়েক বছর আগে সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকে সে বাস করছিল রেড ইন্ডিয়ানদের কিয়োবা সম্প্রদায়ের সঙ্গে। দৃঢ় আর স্বাধীনচেতা ক্যাপ্টেন জেফারসনের কাঁধে দায়িত্ব পড়ল জোহানাকে তার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার। এরপর শুরু হয়ে ক্ল্যাসিকাল এক ‘ওয়েস্টার্ন’ যাত্রা। একসময় বোঝা যায় তারা দুজনই আসলে একটা ঘরের খোঁজে ছিলেন। ট্রেলারে শোনা যায় জোহানাকে ক্যাপ্টেন বলছেন, ‘পত্রিকার এ কাহিনীগুলো আমাদের বাড়ি খুঁজে দিতে পারবে না। পথ খুঁজে পাওয়াটা খুব কঠিন।’
ঘোড়ায় চড়ে বুনো পশ্চিমে তাদের যাত্রাপথে ক্যাপ্টেন ও জোহানা অনেক বাধার মুখোমুখি হয়। এর মধ্যে আছে ভাষা না জানা, মারদাঙ্গা আইন না মানা মানুষ ও ধুলো ঝড়।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের চিত্রনাট্য লিখেছেন গ্রিনগ্রাস ও লুক ডেভিস। ছবিতে টম হ্যাংকস ছাড়াও আছেন হেলেনা জেনগেল (জোহানা), এলিজাবেথ
মার্ভেল, মাইকেল কোভিনো, ক্রিস্টোফার হেগান। ছবিটি ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাবে।
সূত্র: হলিউড রিপোর্টার










