জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যতম সদস্য ছিলেন শেখ ফজলুল হক মণি। তিনি বঙ্গবন্ধুর ভাগ্নে। মুজিব বাহিনীর প্রধান, দৈনিক বাংলার বাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শহীদ শেখ ফজলুল হক মণি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে ঘাতকের বুলেটে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসে তার গুরুত্বপূর্ণ অবদান তরুণ প্রজন্মকে জানাতে শেখ ফজলুল হক মণিকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে ৫০ মিনিটের একটি টেলিছবি। নাম বিন্দু থেকে বৃত্তে। এটি নির্মাণ করবেন শাহ নেওয়াজ রিপন। 

কবি ও গীতিকার সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে টেলিছবিটি। ফ্রেম ফ্যাক্টরির প্রযোজনায় নির্মিত এ টেলিছবির কাহিনী, গল্প ও চিত্রনাট্য করেছেন সহিদ রাহমান। শেখ ফজলুল হক মণির চরিত্রে অভিনয় করবেন রওনক হাসান। অন্যান্য চরিত্রে থাকবেন তানজিকা আমিন, ডলি জহুর, আরমান পারভেজ মুরাদ, পংকজ মজুমদার, নূর আলম নয়ন প্রমুখ। শিগগিরই টেলিছবিটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। আগামী বছর একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি।

বিন্দু থেকে বৃত্তের নির্মাতার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গত শনিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।