তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্বাসরুদ্ধকর খেলায় ফ্রান্সকে হারিয়ে ছত্রিশ বছরের বিশ্বকাপ ট্রফি খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। মুহুর্মুহু উত্তেজনা আর ক্ষণে ক্ষণে রঙ বদলানো এ দ্বৈরথ যেন হয়ে উঠেছে বিশ্বকাপের অন্যতম সেরা ফাইনাল ম্যাচ। অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তারপর থেকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন লা আলবিসেলেস্তেরা। 

সারা বিশ্বজুড়ে আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির বিরাট ফ্যানবেজ আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিজয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে তাই প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড তারকারা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি ও তার দল আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

এ তালিকায় রয়েছেন বলিউডের পাঠান শাহরুখ খানও। খেলা শেষে তিনি এক আবেগপূর্ণ টুইট করেছেন। এসআরকে লিখেছেন, ‘বিশ্বকাপের অন্যতম সেরা একটি ফাইনালের সময়ে আমরা বাস করছি। একটি ছোট টিভিতে আমার মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখার স্মৃতি আমার মনে আছে। এখন সেই একই উত্তেজনা আমার সন্তানদের সাথে উপভোগ করছি!! আর তোমাকে ধন্যবাদ মেসি, প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নের প্রতি আমাদের বিশ্বাসকে টিকিয়ে রাখার জন্য!!’

পূজা হেগড়ে টুইট করেছেন, “অবিশ্বাস্য। এটা কি ছিল?!!! হোয়াট আ ম্যাচ! সর্বকালের সেরা। মেসি। ঠিক আছে, এখন আমার দম ফেলতে হবে!”

গায়ক আরমান মালিক লিখেছেন, ‘এ ম্যাচ আমাকে অভাবনীয় এক উত্তেজনা দিয়েছে।’ অন্য দিকে আলী গনি টুইট করেছেন, ‘অভিনন্দন #আর্জেন্টিনা #মেসি... #এমবাপ্পে তুমি অসাধারণ। এখন এ খেলা তোমার অধিকারে।’ গায়ক রাহুল বৈদ্য যোগ করেছেন, ‘হোয়াট আ গেম!!!অভিনন্দন মেসি, অভিনন্দন আর্জেন্টিনা .. ভালো খেলেছ ফ্রান্স।’

রনবীর সিং টুইট করেছেন, ‘এটা আমি কি দেখলাম! হিস্টরিক। আইকনিক। পিউর ম্যাজিক। #ফিফা ওয়ার্ল্ডকাপ...।’ খানিক পরে তিনি আবার লিখেছেন, ‘এটি তার প্রাপ্য ছিল। #মেসি।’

কার্তিক আরিয়ান মেসির একটি ছবি শেয়ার করেছেন এবং তার উপর একটি মুকুটের স্টিকার লাগিয়ে লিখেছেন, ‘শাহজাদা’। উল্লেখ্য তার আগামী সিনেমার নাম এটি।