বলিউড অভিনেতা বিজয় বর্মা। মির্জাপুর সিরিজের দ্বিতীয় সিজনের পর থেকে তাকে নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ বেড়েছে। নির্মাতারাও তাকে নিয়ে নতুন নতুন কাজ করছেন। কিন্তু প্রথমে বলিউডে ঠাঁই করে নিতে কষ্ট করতে হয়েছে তাকে। এমনকি তার পরিবার থেকেও তেমন সমর্থন পাননি। সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় অভিনীত 'ডার্লিংস' সিনেমা। এ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তিনি।
বর্তমানে তার জনপ্রিয়তা নিয়ে পরিবারের ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব নিয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। আমার মা খুবই ঘরোয়া একজন মানুষ। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে হ্যাঁ, তারা বুঝেছেন যে, আমি একটা সম্মানজনক জীবিকা পেয়েছি। বলিউডে কাজ করে আমি যে না খেয়ে মরব না, সেটা তারা জানেন।'
রাজ অ্যান্ড ডিকের সঙ্গে 'শোর' শর্ট ফিল্ম দিয়ে তার যাত্রা শুরু। এরপর আরো কিছু সিনেমা করেছিলেন কিন্তু দর্শকের নজরে আসেননি সেভাবে।
২০১৬ সালে তাপসী পান্নু ও অমিতাভ বচ্চন অভিনীত 'পিঙ্ক' তাকে পরিচিতি এনে দেয়। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'সুপার থার্টি'তেও নজর কেড়েছেন; কিন্তু মির্জাপুর তাকে এনে দিয়েছে বিশেষ খ্যাতি।
এর মধ্যে এ সপ্তাহে মুক্তি পাওয়া 'ডার্লিংস' দেখে শাহরুখ খানের প্রসংশা পেয়েছেন বিজয়। সিনেমায় তিনি চরিত্রের মধ্যে ঢুকে যান। এ প্রসঙ্গে বলেন, চিত্রনাট্য পড়ে চরিত্রটি একরকম মনে হয়; কিন্তু জানতে হয় পরিচালক কী চাচ্ছেন। সেটা বুঝতে পারলে চরিত্রটি সহজে তুলে আনা যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস










