নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’-এ কণ্ঠ দেয়ার জন্য এমি অ্যাওয়ার্ড পেয়েছেন বারাক ওবামা। মরণোত্তর এ পুরস্কার পেয়েছেন চ্যাডউইক বোসম্যানও। ‘হোয়াট ইফ...?’ অ্যানিমেটেড সিরিজে টি’চাল্লা চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য এ পুরস্কার পান তিনি।

এর মধ্য দিয়ে ‘ইজিওটি’ তকমার খুব কাছাকাছি পৌঁছে গেলেন বারাক ওবামা। এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ডের চারটিই যারা পেয়েছেন তাদের বলা হয় ইজিওটি। এ পর্যন্ত মাত্র ১৭ জন এ তালিকায় রয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা শুধু টনি অ্যাওয়ার্ড ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেই হবেন ইজিওটি স্ট্যাটাস পাওয়া ব্যক্তি। 

মরণোত্তর এমি অ্যাওয়ার্ড পাওয়া চ্যাডউইক বোসম্যানের পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী সিমনি। মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে এটাই ছিল তার শেষ উপস্থিতি। সিমনি এ সময়কে একটি সুন্দর মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, যখন জানতে পারলাম চ্যাড নমিনেশন পেয়েছে, তখন তার জগতে যা কিছু ঘটছিল সেসব বিষয়ে ভাবছিলাম। তার প্রতিশ্রুতি ও উৎসর্গের বিষয়ে ভাবছিলাম। শেষ যে কাজ সে করেছিল সেটা তার ও বিশ্বের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, ছিল নতুন কিছু। সে নিশ্চয়ই সম্মানিত বোধ করত, তার পক্ষ থেকে আমিও সম্মানিত বোধ করছি।

ওবামার মতো ইজিওটি পাওয়ার তালিকায় খুব কাছাকাছি এগিয়ে গিয়েছে এমি অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান র্যাপার এমিনেম। ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ড আর একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া গীতিকার ও গায়ক এমিনেম শুধু টনি অ্যাওয়ার্ড পেলেই হয়ে যাবেন ইজিওটি তকমা পাওয়া তারকা।

এর আগে তিনবার গ্র্যামি আওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ওবামা। তার মধ্যে বেস্ট স্পোকেন ওয়ার্ড অ্যালবামের জন্য দুবার তিনি পুরস্কার পান। একবার ২০০৬ সালে ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’ এবং দ্বিতীয়বার ২০০৮ সালে ‘দি অডাসিটি অব হোপ: থটস অন রিক্লেইমিং দি অ্যামেরিকান ড্রিম’।

ইজিওটি পাওয়া তারকাদের তালিকায় রয়েছেন অড্রে হেপবার্ন, রিতা মোরেনো, হুপি গোল্ডবার্গ এবং অ্যান্ড্রু লয়েড ওয়েবার। সম্প্রতি জেনিফার হাডসনও ইজিওটি ক্লাবে যুক্ত হয়েছেন। 

 

সূত্র: ভ্যারাইটি