আন্তর্জাতিক মহলে একের পর এক পুরস্কার পেয়ে সাড়া ফেলছে নুহাশ হুমায়ূন পরিচালিত হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। আবারো পুরস্কার জিতেছে নুহাশের মশারি। অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব ‘হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে’ শ্রেষ্ঠ হরর বিভাগে পুরস্কার জিতেছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজেই বিষয়টি জানিয়েছেন নুহাশ হুমায়ূন। গতকাল সকালের পোস্টে পুরস্কার হাতে ছবি দিয়েছেন এ নির্মাতা। ক্যাপশনে নুহাশ লিখেছেন, ‘অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি হরর ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট চলচ্চিত্রে স্থান করে নিয়েছে।’

এর কয়েক ঘণ্টা পর ফেসবুকে মশারি নিয়ে আবারো সুখবর দেন নুহাশ। তিনি জানান, অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব ‘মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা শর্ট ফিকশন বিভাগে পুরস্কার জিতেছে মশারি। ক্যাপশনে তরুণ এ নির্মাতা লিখেছেন, ‘এটা সত্যি চমত্কার! মশারি অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব “মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে” সেরা শর্ট ফিকশন ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এ মাসে তিনটি পৃথক পুরস্কার গ্রহণের জন্য মশারির টিমকে তিন ভাগে বিভক্ত হয়ে লস অ্যাঞ্জেলেস, অস্ট্রেলিয়া আর কানাডায় যেতে হয়েছে। ধন্যবাদ মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।’

‘মশারি’ দেশে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া পেয়েছে। দুই বোনের গল্প মশারি মূলত একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও নাইরা অনোরা সাইফ।

এর আগে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাত্কারে নুহাশ হুমায়ূনের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশের মানুষ মশারি কবে দেখতে পাবে। এর জবাবে এ নির্মাতা বলেছিলেন, ‘এটা এখনো ফেস্টিভ্যালে আছে, তাই সময় লাগবে। নিয়মানুযায়ী ফেস্টিভ্যাল চলাকালে রিলিজ দেয়া যাবে না। তবে এটা বলতে পারি, মশারি আমি কোনো পেইড মাধ্যমে দেব না। মশারি যখন আসবে সবার জন্য ফ্রি থাকবে, যাতে সবাই দেখতে পারে।’

গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুুচান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুরিস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে নুহাশের এ শর্টফিল্ম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঘরানার চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয় এ আয়োজনকে। মশারির টিম নিয়ে সেবার দক্ষিণ কোরিয়ায় পুরস্কার নিতে গিয়েছিলেন নুহাশ হুমায়ূন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মুখ্য অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এ আয়োজনে অংশ নিয়েছিলেন। এর আগে ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে ‘মশারি’। এছাড়া ‘সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অন্যতম শহর অস্টিনে ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রশংসা কুড়িয়েছে মশারি। গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মশারি কান উৎসবের ফ্যান্টাস্টিক সেভেন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিল।

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন পর্দার আড়ালে কাজ করছেন কয়েক বছর ধরেই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যান্থলজি সিরিজ, নাটক কিংবা বিজ্ঞাপনচিত্র সব কাজেই স্বতন্ত্র ছাপ রাখছেন তিনি। ভিন্নধর্মী গল্প নিয়ে ভিন্নভাবে দর্শকের কাছে উপস্থাপন করে জনপ্রিয়তা পেয়েছেন নুহাশ।