তাপসী পান্নু কথা বললেন বলিউডে অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে। তিনি বলেছেন, বলিউডে অভিনেত্রীরা পারিশ্রমিক বাড়াতে চাইলে তাদের ‘কঠিন’
মানুষ হিসেবে দেখা হয়। আর অভিনেতাদের ফি বাড়লে সেটা তাদের সাফল্য।
সম্প্রতি দ্য ন্যাশনাল বুলেটিনকে দেয়া সাক্ষাত্কারে এসব কথা বলেন তাপসী পান্নু, ‘কোনো অভিনেত্রী বেশি টাকা চাইলে সে ঝামেলার মানুষ হয়ে যায় আর অভিনেতাদের ক্ষেত্রে সেটা সাফল্যের লক্ষণ। যে অভিনেতদের সঙ্গে কাজ শুরু করেছিলাম তারা এখন আমার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি আয় করে। তারকাখ্যাতির বিভাগে আরো এগোলে এ বৈষম্য ক্রমেই বাড়তে থাকবে।’
পারিশ্রমিকের এ বৈষম্যের জন্য তাপসী দর্শকদেরও দায়ী করেছেন। তার কথায় দর্শকরা অভিনেতাদের কাজ নিয়ে যতটা হইচই করে সেটা অভিনেত্রীদের ক্ষেত্রে করে না। এ কারণে নারী চরিত্রকেন্দ্রিক ছবি বক্স অফিসে খুব ভালো আয় করতে পারে না। ‘এখন আমাদের বাজেট নিয়েও সংগ্রাম করতে হচ্ছে। নারীপ্রধান ছবি হলেই সবাই বাজেট কাটছাঁটের চিন্তা শুরু করেন। এ কারণে নায়কনির্ভর ছবির চেয়ে আমাদের ছবির সাফল্য হ্রাস পায়। সিনেমার দর্শকরা এ পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।’
সম্প্রতি তাপসী পান্নুকে দেখা গেছে ভিনিল ম্যাথিউর ছবি হাসিনা দিলরুবায়। তার সঙ্গে এ ছবিতে আছেন বিক্রান্ত মেসি ও হর্ষবর্ধন রানে। সিলিন্ডার বিস্ফোরণে স্বামী মারা গেলে তার স্ত্রীকে খুনি হিসেবে সন্দেহ করা হয় আর সেই নারীর চরিত্রে কাজ করেছেন তাপসী। ছবিটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
২০১৩ সালে চশমে বদ্দুর ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাপসী পান্নুর। অবশ্য এর আগে তিনি কয়েকটি তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করেছেন। সামনে তাপসীকে দেখা যাবে একটি তামিল ছবিতে বিজয় সেতুপথির সঙ্গে। এছাড়া তার হাতে আছে অনেকগুলো হিন্দি ছবির কাজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস










