বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন অভিনেত্রী শাবনূর। দেশে এসে নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গেই আলোচনায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। বছরের শেষেই নতুন দুটি সিনেমায় অভিনয় করার বিষয় নিশ্চিত করেন এ অভিনেত্রী। অস্ট্রেলিয়া থাকাকালীন এ নায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।
গতকাল প্রকাশ পেয়েছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। এ থেকে প্রশ্ন ওঠে তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে রহস্য রেখে নির্মাতা বলেন, ‘দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে রঙ্গনা।’
নির্মাতা জানান, অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটি নিয়ে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে রঙ্গনার গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো দারুণ। সিনেমাটির গান শুনেই ইচ্ছা করেছিল শুটিং শুরু করি। এ সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছে।’
সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালক দুজনই চুপ রয়েছেন। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে।










