জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা। সিনেমার পাশাপাশি ওয়েব কনটেন্টেও কাজ করেন তিনি। অভিনেত্রী ক্যারিয়ারে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্ন ধারার গল্পভিত্তিক কাজও করেছেন।

গত বছর তমা অভিনীত সিনেমা ‘দাগি’ এবং ওয়েব ফিল্ম ‘আমলনামা’ দর্শকের ভালোবাসা পেয়েছে। দাগি সিনেমায় আফরান নিশোর সঙ্গে তার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে, আমলনামা ওয়েব ফিল্মেও দর্শক ও সমালোচকরা তার অভিনয়কে যথাযথ মূল্যায়ন করেছেন।

নতুন বছরের শুরুতেই তমা জানালেন, তিনি দুটি নতুন সিনেমার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। তিনি বলেন, ‘সব কিছু চূড়ান্ত হয়েছে। শুটিং শুরুর আগে সব তথ্য জানাব। তখন পরিচালক ও সহশিল্পীদের নামও প্রকাশ করা হবে। এটুকু বলতে পারি, আগামী মাসে একটি সিনেমার শুটিং শুরু হবে। নতুন চুক্তিবদ্ধ দুটি সিনেমা ছাড়াও আরো কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে।’

নতুন সিনেমার চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘নতুন দুটি সিনেমায় আমাকে ভিন্ন লুকে দেখা যাবে। সব সময় চেষ্টা করি ভিন্নধর্মী এবং দর্শককে নতুন কিছু দেখানোর। গ্ল্যামারাস চরিত্রের পরিবর্তে আমাকে সাধারণত মধ্যবিত্ত চরিত্রেই বেশি দেখা যায়। নতুন বছরের সিনেমাগুলোয় দর্শক আমাকে নতুন আঙ্গিক ও ভিন্ন লুকে পাবে।’

তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। দাগি ও আমলনামা ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছি। এটি আমার জন্য এক বড় প্রেরণা, যাতে আমি আরো ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পারি এবং দর্শককে নতুন অভিজ্ঞতা দিতে পারি।’