ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করলেও এখন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করেন ইয়ামিন হক ববি। সম্প্রতি তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম ‘ফ্রড-দ্য বাটপার’। এটি নির্মাণ করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা। এর কাহিনী ও সংলাপ করেছেন দেলোয়ার হোসেন দিল।
নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেমের ওপর। আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকেরও পছন্দ হবে।’
সিনেমাটিতে ববি অভিনয় করবেন একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীর চরিত্রে, যার পুরো পরিবার ইতালি থাকলেও দেশপ্রেমের কারণে সে বাংলাদেশেই থাকে।
ববি সম্প্রতি ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন। এছাড়া শেষ করেছেন ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং। অন্যদিকে ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ মুক্তি পাবে আগামী মে মাসে। এটি নির্মাণ করেছেন পরিচালক রাশিদ পলাশ। নির্মাতা নিজেই সিনেমার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী, তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। এতে আরো অভিনয় করছেন সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমার ।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১০ সালে অনন্ত জলিলের সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১১ সালে জিতেন ‘মিস এশিয়া প্যাসিফিক’ খেতাব। এরপর থেকেই ছোট পর্দার পাতা চুকিয়ে বড় পর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন এ অভিনেত্রী। সর্বশেষ চলতি বছরে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আইটেম গানের সঙ্গে সাবলীলভাবে নেচে প্রশংসা কুড়িয়েছেন ববি।










