প্রতি বছরের মতো এবারো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের আয়োজনে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’ দেয়া হচ্ছে। অভিনেতা সায়েম সামাদের হাত ধরে ২০২০ সালে ‘কাঁচখেলা রেপাটরি থিয়েটার’-এর যাত্রা শুরু হয়। ২০২২ সাল থেকে তার উদ্যোগেই আন্তর্জাতিক নারী দিবসে মূলত থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রীদের সম্মাননা দিয়ে আসছে। এ বছর সম্মাননা দেয়া হবে দেশের আট গুণী অভিনেত্রীকে। তারা হলেন মোমেনা চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও তনিমা হামিদকে।
এবারের আয়োজন প্রসঙ্গে সায়েম সামাদ বলেন, ‘সব ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মঞ্চ নাটকে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন যথাযথভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। পুরুষ সহকর্মীর তুলনায় নারীকে থিয়েটারে সম্পৃক্ত হতে সাধনা চালিয়ে যেতে অনেক বেশি পরিশ্রম ও প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়। নারীর মঞ্চ সাধনাকে মূল্যায়ন করতে তিন বছর ধরে প্রতি বছর এ আয়োজন করছি। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেয়ার ইচ্ছে আছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রত্যেক নারী শিল্পীকে, যারা এ সম্মাননা গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছেন। কারণ তাদের কারণেই আলোকিত হবে এ অনুষ্ঠান।’
৮ মার্চ সন্ধ্যা ছয়টায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী নারী শিল্পীদের হাতে সম্মাননা প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম এমপিসহ আরো বেশ কয়েকজন। ৮-১০ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকছে মঞ্চনাটকের প্রদর্শনী। ৮ মার্চ মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ ও ১০ মার্চ অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’।










