ব্রাত্য বসু পরিচালিত গ্যাংস্টার মুভি হুব্বা। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত নভেম্বরে। কিন্তু নানা কারণে তা হয়নি। সিনেমাটি নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সিনেমার ট্রেলার নিয়ে হাজির হয়েছে এর টিম। সেখানে এক দুর্ধর্ষ মোশাররফ করিমকে দেখা গেল। অন্য যেকোনো নাটক বা ওয়েব সিরিজের তুলনায় এ সিনেমায় তিনি ভিন্ন।
‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’ ট্যাগলাইন দিয়ে গত সপ্তাহে ‘হুব্বা’র প্রথম পোস্টার এসেছিল। এবার ট্রেলার দেখা গেল আর সেখানে বলা হচ্ছে, ‘লোকাল মাস্তান থেকে শাহেনশার তাজ/ আসছে এবার হুব্বা রাজ।’ হুব্বা শ্যামলের বাস্তব ঘটনা থেকেই সিনেমাটি নির্মিত আর সে ব্যক্তি সত্যিই ছিল লোকাল মাস্তান। শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। ট্রেলারে দেখা গেল তিনি চরিত্রের জন্য তার বাচনভঙ্গি বদলে ফেলেছেন। কেননা চরিত্রটি হুগলীর।
সিনেমার ট্রেলার একটি গ্যাংস্টার সিনেমার মতোই। মারামারি, রক্ত আর সংলাপে গালাগাল। সেসব দিয়ে পুরো ট্রেলার জমজমাট। ২ মিনিটের ট্রেলারে আরো ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। কিন্তু মোশাররফের অভিনয়ের আড়ালেই পড়ে গেলেন তিনি।
নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে আগামী ১৯ জানুয়ারি ঠিক করা হয়। সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে বলিউডের বেশকিছু সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে ছিল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, শাহরুখ খানের ‘ডাঙ্কি’। আরো আছে প্রভাসের ‘সালার’। এর মধ্যে তিনি সিনেমা মুক্তি দিতে চাননি।
কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘হুব্বা’, যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। হুগলির কুখ্যাত গ্যাংস্টার ছিল হুব্বা শ্যামল। ট্রেলারেও উঠে এসেছে গ্যাংস্টার হুব্বার নৃশংসতার নানা রূপ। সেখানেই নিজের অভিনয়ের প্রমাণ রেখেছেন মোশাররফ করিম। এ সিনেমায় তাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে রূপে এর আগে দেখা যায়নি।
তবে কেবল মারামারি ও রক্ত নয়, সিনেমায় কমেডিও থাকবে। ব্রাত্য বসু এমন কথাই বলেছেন তার সিনেমা নিয়ে। মোশাররফ ও ইন্দ্রনীল এ সিনেমার প্রধান দুই চরিত্র। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।










