বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধ বন্ধের দাবি জানিয়েছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকদের একটি অংশ। আজ শনিবার (১৮ নভেম্বর) শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে কর্মসূচি পালন করেছেন তারা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন সরকারপন্থী হিসেবে পরিচিত রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, তারিন জাহান, শমী কায়সারসহ কয়েকজন তারকা।

আরো উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ অনেকে।

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’- এই ব্যানারে মানববন্ধন করেন শিল্পী ও কলাকুশলীরা। এ তথ্য জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

তারা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্যে কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।

‘শেখ হাসিনাতেই আস্থা’ এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এদেশের সেই উন্নতিকে বাধাগ্রস্থ করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে তারা।