নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরী আজ কানাডায় একটি স্টেজ শোয় গান গাইবেন। কানাডার টরন্টোভিত্তিক ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র আয়োজনে স্থানীয় সময় সন্ধ্যায় তিনি সংগীত পরিবেশন করবেন। বাংলাদেশ সময় অনুযায়ী এটি আজ সকালে অনুষ্ঠিত হবে।

চার দশকের বেশি সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখে নিয়মিত গান করে যাচ্ছেন সামিনা চৌধুরী। স্টেজ শোয়ও গানে গানে দর্শকে মুগ্ধ করে আসছেন তিনি। কয়েক মাস বিরতির পর আবারো কানাডা সফরে গেছেন এ গুণী শিল্পী। অনুষ্ঠান শেষে আগামীকাল তিনি ঢাকায় ফিরবেন। দেশে ফিরেও একাধিক স্টেজ শোয় তিনি সংগীত পরিবেশন করবেন।

কানাডা সফরের বিষয়টি সেখান থেকেই নিশ্চিত করেছেন সামিনা চৌধুরী। তিনি জানান, ১৯৯৩ সালে প্রথমবার কানাডায় স্টেজ শোয় গান গাওয়ার সুযোগ পান। এরপর বহুবার সেখানে সংগীত পরিবেশন করেছেন। এবার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী রনি ও সংগঠনের সদস্যদের আমন্ত্রণে এ আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সামিনা চৌধুরীর আশা, আয়োজনটি সব মিলিয়ে সুন্দর হবে এবং তিনি গানের মাধ্যমে উপস্থিত সবাইকে আনন্দ দিতে পারবেন।

এদিকে কানাডা যাওয়ার আগে বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচারিত ‘অক্ষয় ইতিহাস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে গান গেয়েছেন সামিনা চৌধুরী। গানটির সুর করেছেন আরেক গুণী সংগীতশিল্পী আলম আরা মিনু এবং কথা লিখেছেন অধরা জাহান। এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘আলম আরা মিনুর সুর সত্যিই চমৎকার এবং তার সুরের জ্ঞানকে আরো বেশি কাজে লাগানো উচিত।’ উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কানাডায়ই সামিনা চৌধুরীর সংগীতজীবনের চার দশক পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তার দীর্ঘ সংগীতযাত্রার জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়।