মেগান ফক্সকে সবাই অভিনেত্রী হিসেবেই চেনে। কিন্তু এর বাইরে তার আরো একটি পরিচয় আছে। মেগান একজন কবি। এবার তিনি কাব্যগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। মেগানের এ কবিতা সংকলনের নাম ‘‌প্রিটি বয়েজ আর পয়জনাস’। বইটি নিয়ে বলা হচ্ছে, এটি তার জীবনে পুরুষের অভিজ্ঞতা থেকে লেখা এবং মেগানের নিজের গল্পই বলবে বইটি।

মেগানের কবিতা সংকলন প্রকাশ করছে গ্যালারি বুকস। এটি আগামী ৭ নভেম্বর প্রকাশ হবে। এর মধ্যেই বইয়ের প্রচারণা চলছে। বই সম্পর্কে মেগান বলেন, ‘‌নীরব থেকে থেকে এক অসুস্থতা আমার মধ্যে শিকড় গেড়ে বসেছিল। সে অসুস্থতা নির্মূল করার চেষ্টায় কবিতাগুলো লেখা। আমি সারা জীবন পুরুষের বহু গোপনীয়তা বয়েছি। তাদের পাপের ভার বহন করতে করতে আমার শরীর ক্লান্ত।’ এ থেকে বোঝা যায়, কবিতার মধ্যেও সেসব গোপনীয় বিষয় তিনি প্রকাশ করবেন। তিনি আরো বলেন, ‘‌এ পৃষ্ঠাগুলোর মধ্যে আমার স্বাধীনতা এবং আমার আরো মনে হয় এর মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত ও উজ্জীবিত হবেন। কেউ আর হারাবেন না অন্ধকারে।’

গ্যালারি বুকস থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে। তারা জানিয়েছে, ‘প্রিটি বয়েজ আর পয়জনাস’ এ সময়ের সবচেয়ে পরিচিত নারীদের মধ্যে একজনের শক্তিশালী আত্মপ্রকাশকে চিহ্নিত করে। এ বই পড়তে পড়তে পাঠক যখন ওল্টাবেন, তখন তারা এক সুখকর অনুভূতিতে ভাসবেন। কবিতার এ অনুভূমি পাঠককে বছরজুড়ে সঙ্গ দেবে। 

এ বইয়ের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী মেগান ফক্স। এর আগে বিচ্ছিন্নভাবে কিছু কবিতা প্রকাশ হলেও তা বিশেষ নয়। এ বইয়ের মাধ্যমে মেগান ফক্স নতুন করে আত্মপ্রকাশ করছেন। তিনি কবিতার জগতে নিজের জায়গা তৈরির চেষ্টা করবেন। তবে তার মূল লক্ষ্য মানুষকে অনুপ্রাণিত করা। কারণ তিনি জানেন, অনেক বিরূপ পরিস্থিতিতে সময় পার করে নারীরা।

মেগান ফক্স কৈশোরেই অভিনয় শুরু করেন। তবে ২০০৭ সালে ট্রান্সফরমার্স চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া তিনি ‘‌জেনিফারস বডি’ এবং ‘দিস ইজ ফোরটি’র মতো আলোচিত ছবিতে অভিনয় করেছেন। ‘নিউ গার্ল’ সিরিজে তার অভিনয় জনপ্রিয়তা পেয়েছে। হলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।

সূত্র: পিপল