লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সকে এক পর্দায় আনতে নেটফ্লিক্সকে গুনতে হয়েছে সাড়ে ৫ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪৬৭ কোটি টাকা। নতুন সাই-ফাই ব্ল্যাক কমেডি ডোন্ট লুক আপ ছবিতে দেখা যাবে হলিউডের এ দুই তারকাকে। অস্কারজয়ী পরিচালক-লেখক অ্যাডাম ম্যাককে পরিচালনা করছেন এ ছবি।

ডোন্ট লুক আপ ছবিতে লিওনার্দো পেয়েছেন ৩ কোটি ডলার আর জেনিফার লরেন্স আড়াই কোটি। সাধারণত এ দুই তারকার গড় পারিশ্রমিক ছবিপ্রতি ২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে ডোন্ট লুক আপ ছবিতে এ দুই তারকার পারিশ্রমিকই বেড়েছে। এর অবশ্য কারণও আছে। সিনেমা হলে মুক্তি পাওয়া ছবির বক্স অফিস সাফল্যের ওপর ভিত্তি করে প্রযোজনা প্রতিষ্ঠান তারকাদের বোনাস দেয়। কিন্তু নেটফ্লিক্স সে রকম কিছু দেবে না বা তাদের সে সুযোগও নেই। তাই হলিউডের বড় তারকাদের নিজেদের ফ্রেমে আনতে একটু বেশি টাকা ঢালতে হচ্ছে নেটফ্লিক্সকে।

ডোন্ট লুক আপ ছবির মূল দুই চরিত্রে দেখা যাবে ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সকে। কিন্তু এখানেই শেষ নয়; ছবিতে তারকার সারি অনেক লম্বা, আছেন মেরিল স্ট্রিপ, আরিয়ানা গ্রান্ডে, টিমোথি শালামে, টেলর পেরি, মার্ক রিলান্স, জোনাহ হিল, হিমেশ প্যাটেল, ম্যাথিউ পেরি ও ক্রিস ইভানস। গত বছর ফেব্রুয়ারিতে ডোন্ট লুক আপের ঘোষণা এসেছিল। বলা হয়েছিল নেটফ্লিক্সের এ ছবির বাজেট সাড়ে ৭ কোটি মার্কিন ডলার।

সম্প্রতি ডোন্ট লুক আপের ট্রেলার মুক্তি পেয়েছে। জেনিফার ও ক্যাপ্রিও অভিনয় করেছেন দুজন নভোচারীর চরিত্রে। একটি ধূমকেতু পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা দেখা দেয়।

হলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে করা ভ্যারাইটির প্রতিবেদনে ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্সের আয়ের বিষয়টি প্রকাশিত হয়। অবাক করার বিষয় হলো, এমন নয় যে এ দুজনই হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা। উইল স্মিথ ও ড্যানজেল ওয়াশিংটন যথাক্রমে তাদের কিং রিচার্ড ও দ্য লিটল থিংস ছবির জন্য পেয়েছেন ৪ কোটি ডলার। অথচ এ ছবি দুটোর কোনোটাই বক্স অফিসে ভালো করেনি।

ডোয়াইন জনসন অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ছবি রেড ওয়ানের জন্য পাচ্ছেন ৩ কোটি মার্কিন ডলার। তবে ভ্যারাইটির সূত্রমতে, এ পারিশ্রমিক বেড়ে ৫ কোটি ডলারে গিয়ে পৌঁছতে পারে।

নাইভস আউটের দুটো সিকুয়ালের জন্য ড্যানিয়েল ক্রেগ পাবেন ১০ কোটি ডলার, বাংলাদেশী টাকায় প্রায় ৯৩৫ কোটি। এ দুটো সিকুয়ালও নির্মাণ করবে নেটফ্লিক্স। এ বছরের এপ্রিলে প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার খরচ করে নাইভস আউট টু এবং নাইভস আউট থ্রির স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। তাদের এ ক্রয়ের শর্ত ছিল দুটো সিকুয়ালেই নায়ক থাকবেন ড্যানিয়েল ক্রেগই।

নাইভস আউটের হিসাব বলছে, হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল  ক্রেগ। তার শেষ বন্ড ছবি নো টাইম টু ডাই ছবির জন্য ড্যানিয়েল ক্রেগ পেয়েছেন আড়াই কোটি ডলার। এক বছরেরও বেশি সময় ধরে মুক্তির প্রহর গুনছে নো টাইম টু ডাই। শেষ খবর অনুযায়ী যুক্তরাজ্যে এ মাসের শেষে ছবিটি মুক্তি পাওয়ার কথা। আর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে অক্টোবরের শুরুতে।

লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স অভিনীত ডোন্ট লুক আপ নেটফ্লিক্সে এ বছরের শেষ দিকে মুক্তি পাবে।

 

সূত্র: ভ্যারাইটি ও ভালচার