আলোচিত ম্যাট্রিক্সের নারী ট্রিনিটি চরিত্রটি করেছেন ক্যারি অ্যান মস।
তবে এ চরিত্রের জন্য অভিনেত্রী বাছাইয়ের প্রক্রিয়ায় এগিয়ে ছিলেন সালমা হায়েক।
সম্প্রতি এক সাক্ষাত্কারভিত্তিক আয়োজনে এ কথা জানিয়েছেন তিনি।
ট্রিনিটির বাছাই প্রক্রিয়া এবং তার বাদ পড়া নিয়ে সালমা হায়েক বলেছেন, ‘আমাদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হয়েছে।
স্ক্রিন টেস্টিং ও অনেকগুলো অডিশন হয়েছিল।
কর্তৃপক্ষ স্টান্ট সমন্বয়কারী এনেছিল এশিয়া থেকে।
এটা ছিল শারীরিক সক্ষমতার পরীক্ষা।
আমি শারীরিকভাবে ফিট ও চটপটে হলেও অলস ছিলাম।’
অলসতার কারণেই সালমা হায়েক আর এই কঠোর শারীরিক সক্ষমতার পরীক্ষায় পাস করতে পারেননি এবং এটাই ছিল তার বাদ পড়ার কারণ।
‘আমি আসলে কখনই জিমে যাইনি।
কিন্তু সেখানে তারা বলল, আপনাকে দৌড়াতে হবে।
আমি দৌড় শুরু করলাম, কিন্তু একবার একটা বাড়িও চক্কর দিতে পারিনি।
সেদিনের পর তারা আমাকে আর টেস্ট দিতে ডাকেনি।’
ট্রিনিটি হওয়ার দৌড়ে ছিলেন জাডা পিংকেট স্মিথও।
সালমা সে সময় স্মিথের দুর্দান্ত ফিটনেসের প্রশংসা করেছেন।
‘সে খুবই ফিট এবং শৃঙ্খলাপরায়ণ ছিল।
সে চরিত্রটির জন্য খুবই যোগ্য ছিল।’ অবশ্য বলা বাহুল্য স্মিথের ভাগ্যের শিকেও ছেঁড়েনি।
তবে ম্যাট্রিক্সের সিকুয়ালগুলোতে নিয়োব চরিত্রে দেখা গেছে জাডা স্মিথকে।
আসন্ন সিকুয়াল দ্য ম্যাট্রিক্স ফোরেও দেখা যাবে তাকে।
নিজেরা বাদ পড়লেও সালমা হায়েক ও জাডা স্মিথ মনে করেন, ১৯৯৯ সালে ট্রিনিটির চরিত্রটির জন্য ক্যারি অ্যান মসই ছিলেন সবচেয়ে যোগ্য।
জাডা স্মিথ বলেন, আমি সবসময় ক্যারিকে বলি যে সে এ চরিত্রের জন্য সেরা।
সূত্র: হলিউড রিপোর্টার










