ব্রিটিশ ইয়াংস্টার বিলি আইলিশ ২০২২ সালে নিজের ওয়ার্ল্ড ট্যুর ঘোষণা করেছেন। আসন্ন বন্ড ফিল্ম নো টাইম টু ডাইয়ের থিম সংয়ের গায়িকা বিলির ট্যুর নিয়ে স্বভাবতই তার ভক্তরা আগ্রহী হয়ে উঠেছেন। ছবির নামেই হয়েছে এবারের থিম সং। ১৯ বছর বয়সী বিলির জন্য এটা বিরাট সাফল্য। কারণ তিনি ইতিহাসে সবচেয়ে কম বয়সী বন্ড গায়িকা।

বিলির ওয়ার্ল্ড ট্যুরের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর এ টিকিট নিয়েই নাখোশ অনেক ভক্ত। তারা ক্ষোভ ঝাড়ছেন টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে। বিলির সর্বশেষ ট্যুর ছিল ২০১৯ সালে। এরপর চাহিদা থাকলেও কভিড মহামারীর কারণে সে রকম কোনো ট্যুর আর তার করা সম্ভব হয়নি। বিলির নতুন ট্যুরের নাম হ্যাপিয়ার দ্যান এভার। সামনের বছর একই নামে তার একটি নতুন অ্যালবাম প্রকাশিত হবে এবং তার পরই অনুষ্ঠিত হবে ট্যুর।

বিলির ট্যুরে একটি উল্লেখযোগ্য অংশ থাকবে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে। ম্যানচেস্টারে টিকিটের দাম ৪৬ দশমিক ৩ থেকে ১০০ পাউন্ড। অন্যদিকে বার্মিংহামে দাম ৩৯ থেকে ৯০ পাউন্ড। বিলির ভক্তরা টিকিটের এ দাম নিয়ে তাদের হতাশা প্রকাশ করছেন টুইটারে। অনেকে বলছেন, বিলির কনসার্টের টিকিটের দাম এত বেশি কেন? চাহিদা বেড়েছে বলেই কি দাম বাড়ানো হয়েছে?

অবশ্য অনেকে তুলনা করে দেখিয়েছেন, বিলির শেষ ট্যুরের কাছাকাছিই আছে এবারের টিকিটের দাম। গত কয়েক বছর বিলির জনপ্রিয়তা বেড়েছে বিপুলভাবে। একই সঙ্গে তিনি ঝুলিতে পুরেছেন একের পর এক সম্মাননা।

 

সূত্র: এক্সপ্রেস ইউকে