দীর্ঘদিন ধরে দেশের গুণী সংগীতশিল্পী সুবীর নন্দীর কিছু গান নিয়ে কাজ করছিলেন সংগীত পরিচালক তানভীর তারেক। গানগুলো মুক্তির আগেই প্রয়াত হন এ শিল্পী। এবার তার গান নিয়ে নতুন খবর দিলেন তানভীর তারেক। তিনি জানান, সুবীর নন্দীর অপ্রকাশিত ট্র্যাক ‘ঘুম’ মুক্তি পাবে চলতি সপ্তাহে। গানটির সুর ও সংগীত করেছেন তানভীর তারেক। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি সোমেশ্বর অলি।
ঘুম গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘সুবীর দা আমার সংগীত জীবনের অনেক বড় একটা অনুপ্রেরণার নাম। আমার সংগীতের যেকোনো বিষয়ে তিনি আমাকে বরাবরই সাহস জুগিয়েছেন।’
তানভীর তারেক জানান, এরপর সুবীর নন্দীর কথায় অনুপ্রাণিত হয়ে তিনি নতুন করে কাজ শুরু করেন। এ অভিজ্ঞতা ও অগ্রগতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আমার স্টুডিওতে সুবীর দার জন্য নিয়মিত গান তৈরির কাজে লেগে যাই। আমরা দীর্ঘ সময় নিয়ে গানগুলোর কাজ করেছি। সুবীর দা আর আমি আমার স্টুডিও কোলাহলে মাঝরাত পর্যন্ত দিনের পর দিন সময় কাটিয়েছি। সোমেশ্বর অলির লেখা ঘুম গানটি হবে আমার সে প্রজেক্টের দ্বিতীয় রিলিজ। বাকি আটটি গান ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।’
গানটি প্রসঙ্গে গীতিকবি সোমেশ্বর অলি বলেন, ‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। তার ভেতরে এ গান তিনি কবে কখন সুর করে সুবীর দাকে দিয়ে গাইয়ে রেখেছেন, সত্যিই আমি জানি না। আমি শুনে অবাক। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল।’
গানটি ‘সাউন্ডস অব তানভীর’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপ এ মুক্তি পাবে। গ্লোবালি স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্লাটফর্মেও গানটি পাওয়া যাবে।










