‘আমাদের ছোট্ট রাজপুত্র’ উল্লেখ করে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনলেন শাকিব খান। কয়েক দিন ধরে নায়িকা শবনম বুবলীর বেবি বাম্পের ছবি নিয়ে অনলাইন ও অফলাইনে চলছিল গুঞ্জন। সেই আলোচনায় সিলমোহর দিলেন ঢাকাই সিনেমার এক নম্বর নায়ক।

আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন শাকিব।

শুভক্ষণে সন্তানকে সবার সামনে আনতে চেয়েছেন বলে সেখানে জানান এই নায়ক।

শাকিব বলেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। 

তিনি আরো বলেন, শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি আপলোড করেন বুবলী। এরপর সংবাদমাধ্যমকে বলেন, শিগগিরই সবকিছু খোলাসা করবেন।

এ দিকে আজ বেলা ১২টার দিকে বুবলীও নিজের ভেরিফায়েড পেজে শেহজাদ ও শাকিবের একাধিক ছবি শেয়ার করে একই বার্তা দেন।

২০২০ সালে বুবলীর আকস্মিক অন্তর্ধানে ঢাকার শোবিজে তুমুল আলোচনা তোলে। ওই বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এখন জানা যাচ্ছে, নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী।

২০১৭ সালে প্রায় একইভাবে দীর্ঘ অন্তরালের পর ছেলে আব্রাম খান জয়কে নিয়ে টিভি শোতে হাজির হন নায়িকা অপু বিশ্বাস। জানান, সাত বছর আগে শাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ওই ঘটনার অল্পদিন পর দুই তারকার ছাড়াছাড়ি হয়।