দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায়ও নিয়মিত দেখা মেলে তার। সম্প্রতি বলিউডে নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। ইরানি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সিনেমার নাম ‘ফেরেশতে’। এটি এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এবার ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। ‘‌সি মোর্গ ব্লুরিন’ পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়বে ফেরেশতে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফজর চলচ্চিত্র উৎসব। এটি ফজর চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। ফেরেশতে চলচ্চিত্রটির ইরানি নাম ‘দুরুগহায়ে জিবা’। 

সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘এ সিনেমায় কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। এর মূল কারণ ছিল ভাষা। সিনেমাটির পুরো টিম তাদের নিজ দেশের ভাষায় কথা বলেন। তবে চলচ্চিত্রের তো আর ভাষা নেই, তাই আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারাও দারুণভাবে কানেক্ট হতে পেরেছিলাম। ফেরেশতে মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। এটি বিশ্বের সিনেমাপ্রেমী মানুষকে মুগ্ধ করবে বলে আমি আশা রাখি।’ ফেরেশতে সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয়া আহসান। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের এলাকায় ও ইরানে। এ সিনেমায় জয়া ছাড়া আরো অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ।

অন্যদিকে জয়ার পথেই হাঁটলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শন হবে তাসনিয়া অভিনীত সিনেমা ‘ফাতিমা’। বছরের শুরুতেই নতুন খবর দিলেন এ অভিনেত্রী। জানালেন ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কাজ করেছিলেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফাতিমায়। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ইরানে ফজর চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিসতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত হয়েছে।  

এ প্রসঙ্গে নিজের ভালো লাগার কথা বলতে গিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘ফাতিমা আমার নাটকে অভিনয়ে আসারও আগের কাজ। বলা যায়, ক্যারিয়ারের শুরুর দিকের। পরিচালক নিজেই আমাকে জানালেন, ফজর চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ফাতিমা। এটা আমার জন্য ভীষণ ভালো লাগার খবর। আশা করছি, ভাল কোনো খবর পাব।’ 

নির্মাতা ধ্রুব হাসান ২০০৯ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। সিনেমাটি নিয়ে ধ্রুব হাসান বলেন, ‘একজন মধ্যবিত্ত মেয়ের সংগ্রাম নিয়ে এ সিনেমা। সিনেমাটি করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এটা আমাকে আগামীতে অনেক সাহায্য করবে। আর ফজর উৎসবে আমাদের সিনেমা গেছে, এটাও বড় একটি প্রাপ্তি আমার জন্য।’

ফাতিমা চলচ্চিত্রটি ছয় বছর আগে শুটিং হয়েছিল বলে জানান তাসনিয়া ফারিণ। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত আয়শা মনিকা, পান্থ কানাই প্রমুখ। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি গেলেও কবে দেশের মানুষ এ সিনেমা দেখতে পাবে এ প্রসঙ্গে জানতে চাইলে ধ্রুব হাসান জানান, এরই মধ্যে ফাতিমা সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। উৎসবটি ঘুরে এসে সবকিছু হিসাব করে সুবিধাজনক সময়ে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। বর্তমানে তাসনিয়া ফারিণ অপেক্ষায় আছেন তার অভিনয় করা ওয়েব ফিল্ম ‘‌অসময়’ মুক্তির। ১৮ জানুয়ারি ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডিতে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।