নিউইয়র্কে নিজের রেস্টুরেন্ট সোনায় গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। সেখানে সাদা পোশাকে তার ছবি ভাইরাল। মনে হয়েছে যেন কোনো আনুষ্ঠানিক ফটোশুট। ভক্তরা তার ছবিগুলো ‘দারুণ’
বলে আখ্যা দিচ্ছেন। নিজের ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচটি ছবি আপলোড করেছেন এ তারকা। সবগুলোই নিউইয়র্কে তার মালিকানাধীন সোনা রেস্টুরেন্টে তোলা। ছবিগুলোর সঙ্গে দিয়েছেন এক লাইনের শিরোনাম—‘টাইমলেস ইন্ডিয়া অল উইদিন দ্য হার্ট অব নিউইয়র্ক সিটি’। প্রিয়াংকার পরনে সাদা সিল্কের পোশাকের সঙ্গে ছিল সোনালি রঙের জুতা। প্রিয়াংকার ছবিতে ভক্তদের পাশাপাশি মন্তব্য করেছেন বরফি ছবিতে তার সহশিল্পী ইলিয়ানা ডি’ক্রুজ।
এ বছরের শুরুতে নিউইয়র্ক শহরে চালু হয়েছে প্রিয়াংকা চোপড়ার রেস্টুরেন্ট সোনা। কিছুদিন আগে মা মধু চোপড়ার জন্মদিনও সেখানে পালন করেছেন প্রিয়াংকা। ভারতীয় খাবারের প্রতি নিজের আকর্ষণ থেকেই প্রিয়াংকা নিউইয়র্কে এ রেস্টুরেন্ট খুলেছেন। রেস্টুরেন্ট উদ্বোধনের সময় তিনি লন্ডনে সিটাডেল ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই আয়োজনে যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।
অন্ট্রাপ্রেনিউর হিসেবে এ রেস্টুরেন্টই নিউইয়র্কে প্রিয়াংকার প্রথম উদ্যোগ নয়। তিনি টেক ইনভেস্টর হিসেবে ডেটিং অ্যাপ বাম্বল এনেছেন ভারতে। সম্প্রতি তিনি তার হেয়ারকেয়ার ব্র্যান্ডও চালু করেছেন, যার নাম অ্যানোম্যালি হেয়ারকেয়ার। মায়ের সঙ্গে একটি প্রডাকশন হাউজেও বিনিয়োগ আছে প্রিয়াংকার। পার্পল পেবল পিকচারস নামের এ হাউজ ভারতের আঞ্চলিক সিনেমায় বিনিয়োগ করে।
প্রিয়াংকা চোপড়া বর্তমানে বিশ্বখ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে একটি ওয়েবসিরিজে কাজ করছেন।
সূত্র: এনডিটিভি










