দিলীপ কুমার আর সায়রা বানুর সংসার ৫৫ বছরের। তাদের বলা হয় বলিউডের চিরন্তন যুগল। জীবনের নানা উত্থান-পতনে তারা একসঙ্গে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে সায়রা বানু কথা বলেছেন দিলীপ কুমারের সঙ্গে তার প্রেম ও যৌথ জীবন নিয়ে।

একজন সুপারস্টারকে বিয়ে করার ব্যাপারটা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে টাইমস অব ইন্ডিয়াকে সায়রা বলেন, ‘আমরা উভয়ই নিজেদের ক্যারিয়ারে পরিমিতিবোধ বজায় রেখে চলেছি। দিলীপ সাহেব যতটা পারতেন তার চেয়ে অনেক কম সংখ্যক ছবিতে কাজ করেছেন। তার সঙ্গে মানিয়ে নিতে আমার খুব বেশি অসুবিধা হয়নি। দিলীপ সাহেব খুবই বিনয়ী স্বভাবের মানুষ।’

অর্ধযুগের বেশি সময় ধরে দিলীপ কুমারের খেয়াল রাখছেন সায়রা। কথা বলেছেন দিলীপ কুমারের শরীরের বর্তমান অবস্থা নিয়ে। সায়রা বলেন, ‘তার শরীর খুব একটা ভালো নয়। তিনি খুব দুর্বল। মাঝেমধ্যে হলে একটু হাঁটাহাঁটি করে আবার নিজের কক্ষে ফিরে যান। তার রোগ প্রতিরোধ ক্ষমতা এখন বেশ কম। তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। আমার প্রতিটি দিনের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’

সাক্ষাত্কারের শেষ অংশে সায়রা বানু বলেন, ‘শুধু প্রেম থেকেই আমি দিলীপ সাহেবের যত্ন করি। কেউ আমাকে পতিব্রতা স্ত্রী বলে প্রশংসা করবে এমন কোনো চাওয়া আমার নেই। তার সংস্পর্শে থাকা আমার জন্য দুনিয়ার সেরা অভিজ্ঞতা। তিনি আমার শ্বাস-প্রশ্বাসের মতো।’

উল্লেখ্য, দিলীপ কুমার ও সায়রা বানুর বিয়ে হয়েছিল ১৯৬৬ সালে।

 

সূত্র: ডিএনএ