বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে কে-পপ। এর অন্যতম কারণ দক্ষিণ কোরীয় ব্যান্ড বিটিএস। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অন্যতম একটি জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক পিংক। সম্প্রতি গুজব রটেছে, বিটিএস ব্যান্ডের অন্যতম সদস্য ভি ও ব্ল্যাক পিংকের জেনির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এরই মধ্যে তাদের লাখো ভক্ত এ দুই তারকার একসঙ্গে সময় কাটানোর একাধিক ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের সম্পর্কের বিষয়টি প্রমাণ করতে চাইছে। তবে এর সত্যতা নিয়ে এখনো কিছু জানা যায়নি। বর্তমানে বিটিএস আর্মি ও ব্ল্যাক পিংক ভক্তরা জানতে আগ্রহী আদৌ তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে কিনা। নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো ফটোশপের কারসাজি। সম্প্রতি হাইব ও উয়াইজি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ বিষয়টি নিশ্চিতভাবে বলা বেশ কঠিন, কারণ এটি শিল্পীর ব্যক্তিগত বিষয়।’

তাদের এ বক্তব্য ভক্তদের কোনো বিষয় নিশ্চিত করেনি বরং বিভ্রান্ত করেছে। অনেক ভক্ত ধারণা করছে, এ দুই তারকার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলেই বিষয়টি আড়াল করতে এটি বলা হয়েছে। অন্যদিকে কিছু ভক্তের অনুমান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত ছড়াতেই ফেক ছবিগুলো ভাইরাল করা হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় জেনিকে বিটিএসের ভির সঙ্গে। অন্য একটি ছবিতে জেনিকে একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। মুখ স্পষ্ট না হলেও অনেকে দাবি করছেন জেনি আসলে ভির সঙ্গেই কথা বলছিলেন। এখানেই শেষ নয়, একটি ছবিতে দেখা গিয়েছে নিউইয়র্কে একসঙ্গে অবকাশ যাপন করছেন জেনি ও ভি।

এ নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলছে না বিটিএস ও ব্ল্যাক পিংক। তবে এরই মধ্যে দুই কে-পপ ব্যান্ডের তারকাদের ছবি যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে সেটি বলার অপেক্ষা রাখে না। ভক্তদের একটি বড় অংশের দাবি, এ দুই তারকা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এটি প্রমাণ করতেই এ ছবিগুলো প্রকাশ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরো হবে। তাদের গোপনীয়তা নষ্ট করে সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রচার করতেই এমনটা করা হয়েছে। এখন সরাসরি এ দুই ব্যান্ড থেকে জানালেই মূল ঘটনা জানা যাবে।

 

সূত্র: ডিএনএ