নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে আসছে মামনুন ইমনের নতুন সিনেমা ময়নার চর। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার শুটিং ও সম্পাদনার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারের প্রত্যন্ত এলাকায় সিনেমাটির শুটিং হয়েছে। সব প্রস্তুতি শেষে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু জানিয়েছেন, ময়নার চর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজক ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ১৬ জানুয়ারি নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ময়নার চরের গল্প আবর্তিত হয়েছে চর এলাকার মানুষের জীবনসংগ্রামকে ঘিরে। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে চলে কাহিনী। বাস্তবতা তুলে ধরতেই প্রত্যন্ত এলাকায় শুটিং করা হয়েছে। পুরো টিমের কঠোর পরিশ্রমে গল্পটি পর্দায় জীবন্ত হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই সিনেমাটির মুক্তির খবর শুনে উচ্ছ্বসিত অভিনেতা জানান, ময়নার চর তার অভিনয়জীবনে নতুন এক অভিজ্ঞতা। তিনি কাশেম চরিত্রে অভিনয় করেছেন, যা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। শীতের মধ্যে দুর্গম চরে শুটিংয়ের অভিজ্ঞতা এখনো মনে গেঁথে আছে তার।

ইমন আরো বলেন, সরকারি অনুদানের স্ক্রিপ্ট হিসেবে ময়নার চর সর্বোচ্চ নম্বর পাওয়া সিনেমাগুলোর একটি। কোনো আপত্তি ছাড়াই ছাড়পত্র পাওয়ায় তিনি মানসিকভাবে স্বস্তি অনুভব করছেন। চর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, নদীঘেরা পরিবেশ এবং সেখানকার মানুষের সহজ জীবনযাপন তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

ময়নার চর সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান। ছবিটির সহপ্রযোজক হিসেবে রয়েছেন সুমন পারভেজ।