মার্ভেল স্টুডিওর জন্য চরম ভোগান্তির
কারণ হয়েই গেলেন জোনাথন মেজর্স। প্রাক্তন প্রেমিকার করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন
এ অভিনেতা। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) আদালতে অভিযোগ প্রমাণিত হলে মার্ভেল ঘোষণা দিয়েছে,
তারা আর মেজর্সের সঙ্গে কাজ করবে না।
মার্ভেলের এক মুখপাত্রর তরফ থেকে ভ্যারাইটিকে
এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অবশ্য সুপারহিরো ভিত্তিক স্টুডিওটি
জানিয়েছে তারা মেজর্সকে বাদ দিলেও মাল্টিভার্সে ক্যাংয়ের গল্প থেকে সরছে না। মেজর্সের
বদলে অন্য কোনো অভিনেতাকে এ চরিত্রে কাস্ট করা হবে।
মেজর্সের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ
ও মামলা ছিল। এ বছর মার্চের ২৫ তারিখ গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রাক্তন প্রেমিকা জাবারির
অভিযোগ ছিল, গাড়ির পেছনের আসনে কথা কাটাকাটির এক পর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন অভিনেতা।
এতে তার মধ্যমা আঙুল ও কান ক্ষতিগ্রস্ত হয়।
মামলা চলাকালে ম্যানহাটানের ডিস্ট্রিক্ট
অ্যাটর্নি কয়েকটি মেসেজের মধ্যে এ ঘটনার সত্যতা খুঁজে পান। ফলে মেজর্স দোষী সাব্যস্ত
হন।
মার্ভেল তাদের নতুন পরিকল্পনা সাজিয়েছিল
ক্যাংকে অন্যতম মূল চরিত্র ধরে। আর সেখানে চরিত্রটিকে রূপ দিয়েছিলেন মেজর্স। এখন তাকে
বাদ দেয়ার ফলে মার্ভেলের চলমান গল্পস্রোত ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মার্ভেল তাকে সরিয়ে
অন্য অভিনেতাকে নেয়াই সঠিক মনে করছে।
চলতি বছর মুক্তি পাওয়া ‘অ্যান্ট-ম্যান
অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’ সিনেমায় দেখা গেছে জোনাথন মেজর্স। এছাড়া ‘লোকি’
সিরিজের অংশ তিনি।










