ভারতের কেরালায় আজ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক থিয়েটার স্কুল নাট্য উৎসব ২০২৪। এ উৎসবের আয়োজক কেরালার ত্রিশুরে কালিকট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টস। থিয়েটার ও বাস্তুশাস্ত্রের সংযোগস্থলে শিক্ষাবিদ্যা অন্বেষণ করার বিষয়টি এবারের উৎসবের প্রতিপাদ্য।
এ উৎসবে দেশের থিয়েটার ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের নির্দেশনায় মঞ্চস্থ হবে বার্টোল্ট ব্রেখটের ‘দ্য মেজারস টেকেন’ থেকে অনূদিত ‘সিদ্ধান্ত’ নাটকটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাবির মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করবেন। স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টস বিভাগের ডিরেক্টর ড. অভিলাস পিল্লাইর (এনএসডি অ্যালামনাই) আমন্ত্রণে ড. ইসরাফিল শাহীন কেরালায় অবস্থিত স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টসের ডক্টর জন মাথাই সেন্টার, আরনাট্টুকারা, ত্রিশুরে ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দুদিনের কর্মশালা পরিচালনা করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত থিয়েটার ব্যক্তিত্বদের সঙ্গে আইএফটিএসের সহযোগী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একটি উপস্থাপনাধর্মী আলোচনা সভাসহ আরো একটি এক্সটেনশন সেশনে অংশগ্রহণ করবেন। ত্রিশুরের স্কুল অব ড্রামা অ্যান্ড ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থীরা এবং বিভিন্ন দেশ থেকে আগত দলগুলো এ সেশনগুলোয় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
থিয়েটার স্কুল নাট্যোৎসব শেষ হবে ১৯ জানুয়ারি। থিয়েটার উৎসব শেষ করে ফিরতি পথে ২৩ জানুয়ারি ড. ইসরাফিল শাহীন ও তার দল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনের রবীন্দ্রসংগীত, নৃত্য ও নাট্যকলা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান শ্রী মোহন কুমারানের আমন্ত্রণে সিদ্ধান্ত নাটকটি মঞ্চস্থ করবেন। এরপর ২৪ জানুয়ারি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ড. সান্তানু দাসের আমন্ত্রণে রবীন্দ্রভারতীর বি. টি. রোড ক্যাম্পাসে সিদ্ধান্ত নাটকটি আবার মঞ্চস্থ হবে। দুটি বিশ্ববিদ্যালয়ে নাটক মঞ্চায়নের পাশাপাশি কর্মশালাও পরিচালনা করবেন বাংলাদেশের থিয়েটার ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।










