দুই যুগে পদার্পণ করল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরে বাংলা গানের ভাণ্ডারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। দেশ ও দেশের বাইরে নানা স্বীকৃতি ও সম্মাননায় সমৃদ্ধ এ ব্যান্ড নতুন বছর শুরু করল সম্মাননা ও কনসার্টের মধ্য দিয়ে।
৩ জানুয়ারি সিলেটে কনসার্টের মাধ্যমে ২০২৬ সালের পথচলা শুরু করে চিরকুট। এরপর ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২৫তম আসরে তৃতীয়বারের মতো সেরা ব্যান্ডের সম্মাননা গ্রহণ করে তারা।
২০২৫ সালে প্রকাশিত চিরকুটের অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র ‘দামি’ গানটির জন্য এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে পুরো দল নিয়ে উপস্থিত ছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সুমি বলেন, ‘২০২৫ সালে প্রকাশিত ১০টি নতুন গান নিয়ে আমাদের ভালোবাসাসমগ্র অ্যালবামের দামি গানটির জন্য এ সম্মান পাওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। স্রষ্টা মহান, শ্রোতারা আশীর্বাদ। নিজেদের কথা ও সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে ২৪ বছরের এ অর্জন আমাদের চিরকুট পরিবারের প্রতিটি সদস্যকে আরো সামনে এগিয়ে যেতে শক্তি দেবে। আয়োজক শো টাইম মিউজিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। পাশাপাশি এ অ্যালবামে অবদানের জন্য ব্যান্ড সদস্যদের সঙ্গে কো-প্রডিউসার জাকির আহমেদ ও সাউন্ড ইঞ্জিনিয়ার শুভকেও স্মরণ করছি।’
মানুষের মনের কথা গানে প্রকাশ করার জন্য চিরকুট আলাদা পরিচিতি পেয়েছে। শারমিন সুলতানা সুমির কথা ও সুরের মায়ায় চিরকুটের গান শ্রোতার মনে গভীরভাবে গেঁথে থাকে। দুই যুগের এ যাত্রায় ব্যান্ডটি শুধু গানই নয়, তৈরি করেছে নতুন প্রজন্মের অনেক মিউজিশিয়ান। চিরকুটের দূরদৃষ্টির ফলেই অনেক শিল্পীর সংগীতযাত্রা শুরু হয়েছে এ ব্যান্ড থেকে।










