রুপালি পর্দা মানে নায়কের দাপট। বলিউডের জন্য নীতিটি যেন আরো বেশি করে সত্য। শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারদের ভিড়ে নায়িকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হতো সামান্যই। যেন সব অভিনেত্রীই তার বিপরীতে থাকা অভিনেতার তুলনায় কম পারিশ্রমিক পাবেন। তবে সে প্রবণতায় বোধ হয় সমাপ্তি ঘটতে চলছে। দিনকে দিন বলিউডে দাপট বাড়ছে অভিনেত্রীদের। সে দাপট কেবল সিনেমায় তাদের উপস্থিতি নিয়ে নয়, সিনেমাপ্রতি নেয়া পারিশ্রমিকের দিকে তাকালেও স্পষ্ট হয়। 

হালের বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রতি সিনেমার জন্য তিনি ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক নেন। পারিশ্রমিকের দৃষ্টিকোণ থেকে তার ঠিক পেছনেই রয়েছেন আলিয়া ভাট। সিনেমাপ্রতি আলিয়া ভাট নেন ১৫ কোটি রুপি। দীপিকাকে সর্বশেষ দেখা গেছে নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি সিনেমায়; বর্তমানে তিনি মাতৃত্বকালীন বিরতিতে। অন্যদিকে আলিয়াকে সর্বশেষ দেখা গেছে রকি আউর রানি কি প্রেম কাহানিতে। তার বেশকিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। তার মধ্যে জিগরা, আলফা ও লাভ অ্যান্ড ওয়ার অন্যতম। 

সর্বোচ্চ না হলেও পারিশ্রমিকে পিছিয়ে নন কারিনা কাপুর খান। তালিকায় তার নাম রয়েছে দীপিকা ও আলিয়ার পর। প্রতি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেন ৮-১১ কোটি রুপি। সর্বশেষ তাকে ক্রু সিনেমায় দেখা গেছে; মুক্তির অপেক্ষায় রয়েছে দ্য বাকিংহাম মার্ডার্স। বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কাপুর রয়েছেন কারিনা কাপুরের পরই। ক্যাটরিনা প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ৮-১০ কোটি রুপি। ‘ফোন ভূত’ ও ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় তিনি তার বিপরীত সহঅভিনেতার চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে নতুন উদাহরণ তৈরি করেছেন। 

কৃতী শ্যানন, কিয়ারা আদভানি, কঙ্গনা রানৌত ও তাপসী পান্নুর পারিশ্রমিকও যথেষ্ট বেশি। প্রতি সিনেমার জন্য তাদের পারিশ্রমিক ৫-৮ কোটি রুপি বা তার কাছাকাছি। পরপর সুপারহিট সিনেমা উপহার দেয়ার মধ্য দিয়ে কৃতী শ্যাননের পারিশ্রমিক বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ফলে আগামী দিনগুলোয় তা বাড়বে। নিজের পারফরম্যান্সের জন্য এর মধ্যেই তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কিয়ারা আদভানি সেদিক থেকে যথেষ্ট ভাগ্যবতী। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেয়ায় তার পারিশ্রমিকের সূচকও ঊর্ধ্বমুখী। গত দুই বছরের চেয়ে ঢের বেশি। তাপসী ও কঙ্গনা রানৌতের পারিশ্রমিক যদিও প্রায় মান। তবে তাপসীর ক্যারিয়ার সম্মুখগামী হলেও কঙ্গনা ব্যস্ত রাজনীতি নিয়ে। 

তার পরও সাধারণত কোনো অভিনেত্রীর পারিশ্রমিকই আগে থেকে নির্ধারিত থাকে না। বিভিন্ন অনুঘটকের কারণে বিভিন্ন সময়ে ওঠানামা করে। বড় কোনো তারকার বিপরীতে কাজ করতে গিয়ে কিংবা বড় পরিসরে কাজ করতে গিয়ে নিজেদের পারিশ্রমিক কমিয়ে নেন অভিনেত্রীরা। কখনো কখনো তারা নিজের ব্যক্তিগত আগ্রহ থেকেও ফি কমিয়ে দেন। তবে একক ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে অভিনেত্রীরা পারিশ্রমিক পান বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এক প্রযোজক বলেন, ‘যদি কোনো অভিনেত্রীকে কেন্দ্র করে নির্মিত সিনেমার প্রযোজনা ব্যয় ২০-২৫ কোটি রুপি হয়; তাহলে আমি অভিনেত্রীকে ৫-৭ কোটি রুপি দিতে রাজি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস