সময়ের প্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এ দুজনকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে সর্বাধিক নাটক তৈরি হতে দেখা গেছে। তবে এবার যেটা দেখা যাবে সেটি আগে আর হয়নি তাদের ঘিরে। টিভি পর্দার এ জুটিকে নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি নির্মাণ করেছে একটি বিশেষ ঈদ নাটক। যার গল্প জাদুবাস্তবতা আর হ্যালুসিনেশনকে ঘিরে।
‘ইমপসিবল লাভ’
নামের নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ মাহফুজ অভি আর নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
নাটকটির গল্পে দেখা যাবে, ম্যাজিক রিয়েলিটি ঘরানার এক বিস্ময়কর প্রেমের গল্প। যেখানে দেখা যাবে আফরান নিশো প্রেমিকা মেহজাবীনের ওপর অভিমান করে আত্মহত্যা করে। অথচ এ গল্পের শেষটা হয় দুজনার প্রেমময় সংসার দিয়ে!
কাজটি প্রসঙ্গে আফরান নিশোর বক্তব্য অনেকটাই এমন, ‘গল্পটি দেখে কেউ ভাববেন এটা হ্যালুসিনেশনের গল্প, কেউ বলবেন ম্যাজিক রিয়েলিটি আবার বেশির ভাগ মানুষই ধরে নেবেন এটা ভূতের গল্প! কিন্তু আমার কাছে মনে হয়েছে এসবের কিছুই না, গল্পটা বাস্তবে ঘটা খাঁটি প্রেমের। যা না দেখলে অনুভব করা যাবে না।’
এদিকে নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘আমি আসলে ম্যাজিক রিয়েলিটি আর হ্যালুসিনেশনের
মাঝের বিষয়টি ধরে কাজটি করেছি। এমন কাজ এখানে আগে কেউ করেছে বলে আমার জানা নেই।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘ইমপসিবল লাভ’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।










