গতকাল দেয়া হলো ‘‌এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’। প্রতি বছরের মতো এবারো পুরস্কৃত হয়েছেন দুই প্রজন্মের দুই সাহিত্যিক। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এবার পুরস্কার পেয়েছেন ইমদাদুল হক মিলন। এছাড়া নবীন সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন মাহবুব ময়ূখ রিশাদ। গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট, উত্তরীয়, সনদ ও পুরস্কারের অর্থ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘‌এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিচারকমণ্ডলীর সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম, এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

২০১৫ সালে শুরু হয় ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’। ২০১৫ সালে এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে শওকত আলী ও সাদিয়া মাহ্জাবীন ইমাম। ২০১৬ সালে হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান, ২০১৭ সালে জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফ্ফর হোসেন, ২০১৮ সালে রিজিয়া রহমান ও ফাতিমা রুমি, ২০১৯ সালে রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন, ২০২০ সালে হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদ, ২০২১ সালে সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন এবং ২০২২ সালে পুরস্কৃত হয়েছেন আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম।