ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’। গতকাল বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি। দুই দেশের তারকারা অভিনয় করেছেন এতে। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, সোহেল মণ্ডল ও ওয়াহিদা মল্লিকা জলি এবং কলকাতার ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। এর আগে তিনি ‘ফড়িং’ ও ‘‌ভালোবাসার শহর’ সিনেমা দুটি পরিচালনা করেছেন।

মায়ার জঞ্জাল সিনেমার মধ্য দিয়ে প্রায় দুই দশক পর বড় পর্দায় ফিরলেন অপি করিম। সিনেমায় তার চরিত্রের নাম সোমা। যার বসবাস কলকাতায়। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। সোমার স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ ও সত্য চরিত্রে আছেন সোহেল রানা। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

এ সিনেমা মুক্তির পর দুই দেশের দর্শকের কাছেই ইতিবাচক সাড়া মিলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকই এ নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। 

মায়ার জঞ্জালের মুক্তি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ঢাকার সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে ছবিটির বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন ঋত্বিক। শুধু বাংলাদেশ নয়, মুক্তি উপলক্ষে ২২ ফেব্রুয়ারি কলকাতার নন্দনে ছবিটির আরেকটি বিশেষ প্রদর্শনী হয়েছে বলে জানিয়েছেন এর প্রযোজক জসীম আহমেদ। আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছে মায়ার জঞ্জাল। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। বেশকিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এটি।