নারী দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম পরি। এ ওয়েব ফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। তার বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসছে ওয়েব ফিল্ম পরি। এরই মাঝে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। নিজের ভেরিফায়েড পেজে পরির পোস্টার শেয়ার করে পূজা লিখেছেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে লড়াই হয় অবধারিত। পরি ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আসছে।’
ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে। হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল সবকিছুই থাকবে বলে জানিয়েছেন অভিনেতা জোভান। এখানে তাকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকার চরিত্রে।
পরি নিয়ে পূজা চেরি বলেন, ‘পরি নিয়ে যদি কিছু বলি, তবে বলতে হবে এটা আমার সেরা কাজ। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে অনেক ভালো কাজ থাকে। আমার জীবনে পরি অনেক ভালো কাজের একটি। পুরো সিনেমায় আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে।’
পাচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশী মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু সময়ের সঙ্গে ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আগমন হয় একজন বড় তারকার। তার আর পরির জীবনের গল্প নিয়েই ওয়েব ফিল্মটির গল্প। মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েব ফিল্মে জোভান-পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরো অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।










