সামান্য কিছু কাটছাঁট সাপেক্ষে ভারতের
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সিনেমা হলে প্রদর্শনের ছাড়পত্র
পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। এর মধ্যে আছে বিয়ের আসরে ঘোড়ায় চড়ে যাওয়ার একটি
দৃশ্য।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়,
বহুল প্রতীক্ষিত বড়দিনের রিলিজটি সিবিএফসির পরীক্ষক কমিটির হাতে কিছু কাটছাঁটের সম্মুখীন
হয়েছে। তবে কাটগুলো খুবই সীমিত ও মূল গল্পকে প্রভাবিত করবে না।
চলচ্চিত্রের প্রথম ও দ্বিতীয়ার্ধ শুরুর আগে ধূমপানবিরোধী ভিডিও যোগ করতে বলা হয়েছে। শুরুতে অভিবাসী বোঝাতে ব্যবহৃত
শব্দটির একটি উপযুক্ত বিকল্প ব্যবহার করতে হবে। বিরতির আগে শাহরুখ খান বিয়ের আসরে
ঘোড়ায় চড়ার দৃশ্যের কিছু পরিবর্তন আনা হয়েছে। ওই দৃশ্যে তাকে ইউনিফর্মে দেখা যাবে।
এছাড়া একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে ‘আত্মহত্যা
কোনো সমাধান নয়’ এমন সংবিধিবদ্ধ সতর্কীকরণ যোগ করতে বলা হয়েছে। সবশেষে চলচ্চিত্রের
শেষে উল্লিখিত পরিসংখ্যান ও অন্যান্য তথ্যের জন্য প্রামাণ্য নথি জমা চাওয়া হয়েছিল।
এ সব সংশোধন অনুসরণ করে ‘ডাঙ্কি’ ইউএ
সনদ লাভ করেছে। সনদ থেকে জানা যায়, রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটির রানটাইম দুই
ঘণ্টা ৪১ মিনিট ২৪ সেকেন্ড।
২১ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ‘ডাঙ্কি’তে
আরো অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল ও বোমান ইরানি। এ সিনেমার প্রতিদ্বন্দ্বী
হিসেবে ঠিক একদিন পরই মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত ‘সালার’।










