আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ভিন্নধর্মী একটি প্রদর্শনী। আয়োজন করেছে ইকরি মিকরি। এটি একটি সৃজনশীল প্লাটফর্ম, যা পিকচার বুকের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি ও শেখার আগ্রহ জাগিয়ে তোলে। এবার তারা পিকচার বুক নিয়েই আয়োজন করেছে প্রদর্শনী। ৩ মে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৭ মে পর্যন্ত।
প্রদর্শনীতে ইকরি মিকরির প্রকাশিত সব পিকচার বুকের ইলাস্ট্রেশন প্রদর্শিত হবে। এখানে দর্শক প্রতিটি বইয়ের শিল্পযাত্রা ও চিত্রভাষার মাধ্যমে গল্প বলার প্রক্রিয়া উপভোগ করতে পারবেন। প্রদর্শনীর পাশাপাশি ৩-৭ মে পর্যন্ত প্রতিদিন থাকবে গল্প বলা ও গল্প শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের নিজেদের লেখা গল্প পাঠ এবং একটি ভিজুয়াল স্টোরিটেলিং কর্মশালা।
এছাড়া থাকবে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থীদের জন্য টাইপোগ্রাফি কর্মশালা, পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাতে-কলমে বই তৈরির সেশন ও ৭ মে ‘ফাংসাং’ নাটকের শিশু অভিনয়শিল্পীদের পরিবেশনায় বটতলা থিয়েটার গ্রুপের একটি নাট্য পরিবেশনা।
উদ্বোধনের দিন গ্যালারি খোলা হয় বিকাল ৪টায়। এদিন বিকালে ছিল গল্প বলা ও শোনার আয়োজন। শিশুরা ইকরি মিকরির বই থেকে গল্প পড়ে এবং বড়রাও এতে অংশ নেন। এরপর ছিল আলাপ। সেখানে শিল্পী, লেখক ও প্রকাশক অংশ নেন।
গতকাল একইভাবে বিকাল ৪টায় গল্প বলা, গল্প শোনার আয়োজন ছিল। এরপর ছিল নিজের লেখা গল্প পাঠের আসর। শিশুরা নিজের লেখা গল্প পাঠের পর তা প্রদর্শনীতে রেখে যায়। পাশাপাশি চলমান ছিল শব্দ থেকে ছবির কর্মশালা। আজও গল্প বলা ও শোনার আয়োজন আছে। বিকাল ৪-৫টা পর্যন্ত চলমান এ আয়োজন পরিচালনা করবেন অপি করিম। এরপর টাইপোগ্রাফি কর্মশালা চলবে। এতে অংশগ্রহণ করবেন দশম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা।
আগামীকাল একইভাবে শুরু হবে আয়োজন। গল্প বলার পর থাকবে বই তৈরির কর্মশালা। সন্ধ্যা ৭টায় থাকবে নাটক। বটতলার শিশুশিল্পীদের অংশগ্রহণে ইকরি মিকরির ফাংসাং বই অবলম্বনে মঞ্চস্থ হবে একই নামের নাটক।










