রোয়াল্ড ডালের পরিবার লেখকের অ্যান্টিসেমেটিজমের জন্য ক্ষমা চেয়েছে। সম্প্রতি রোয়াল্ডের নামে প্রতিষ্ঠিত অফিশিয়াল ওয়েবসাইট থেকে এ বিষয়ে লেখকের পরিবারের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
রোয়াল্ড ডাল মারা গেছেন ৩০ বছর আগে। ১৯৬০-এর দশক থেকে তার লেখা চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাতিলদা এবং দ্য বিএফজি বিশ্বব্যাপী শিশুদের মোহিত করে আসছে।
রোয়াল্ড ডাল ব্যক্তিজীবনে অ্যান্টিসেমেটিক মনোভাব ধারণ করতেন। বিভিন্ন সময় সেটা প্রকাশ করতেও পিছপা হননি। ১৯৮৩ সালে নিউ স্টেটসম্যানকে দেয়া এক সাক্ষাত্কারে রোয়াল্ড বলেন, “ইহুদিদের চরিত্রে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যা শত্রুতাকে উসকে দেয়, হতে পারে ব্যাপারটা অ-ইহুদিদের প্রতি তাদের উদারতার অভাব। আমি বলতে চাই বিভিন্ন স্থানে অ্যান্টিসেমেটিজম মাথা চাড়া দিয়ে ওঠার পেছনে সবসময়ই কোনো কারণ থাকে।”
এখন রোয়াল্ড ডালের পরিবার তার এসব মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে : “রোয়াল্ড ডালের পরিবার এবং দ্য রোয়াল্ড ডাল স্টোরি কোম্পানি তার করা কিছু মন্তব্যের কারণে অনেকের মনে দীর্ঘমেয়াদে যে বেদনার সৃষ্টি হয়েছে, সেজন্য তাদের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। সেই সংস্কারগ্রস্ত মন্তব্যগুলো আমাদের কাছে বোধগম্য নয় এবং আমরা যে রোয়াল্ড ডালকে জানি ও তার গল্পে যে মূল্যবোধের দেখা পাওয়া যায়, তার সঙ্গে মন্তব্যগুলো সাদৃশ্যপূর্ণ নয়। তার গল্পের মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশু-কিশোরদের ওপর ইতিবাচক প্রভাব রেখে আসছে।”
ওয়েব সাইটে রোয়াল্ড ডালের জীবনীতে তার অ্যান্টিসেমেটিক মনোভাব নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। আর পরিবারের পক্ষ থেকে প্রদান করা ক্ষমা প্রার্থনার বার্তাও কোনো ইহুদি সংগঠনের কাছে পাঠানো হয়নি।
শিশুদের জন্য তার লেখা প্রথম বই দ্য গ্রেমলিন প্রকাশিত হয় ১৯৪৩ সালে। এরপর ১৯৬১ সালে জায়ান্ট পিচ, ১৯৬৪ সালে চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি এবং ১৯৭০ সালে ফ্যান্টাসটিক মি ফক্স প্রকাশিত হয়। জেমস বন্ড ফিল্ম ইউ অনলি লিভ টোয়াইস এবং চিটি চিটি ব্যাং ব্যাং ছবির সহচিত্রনাট্য লেখক ছিলেন রোয়াল্ড ডাল। রোয়াল্ড ডালের অনেক বই চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।
এ বছরের শুরুতে নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে অস্কার বিজয়ী পরিচালক তাইকা ওয়াইতিতি চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি অবলম্বনে অ্যানিমেশন সিরিজ নির্মাণ করবে। অক্টোবরে ওয়ার্নার ব্রস ১৯৮৩ সালে প্রকাশিত রোয়াল্ডের বই দ্য উইচেস অবলম্বনে একই নামে নির্মিত ছবি মুক্তি দিয়েছে। ছবিতে অভিনয় করেছেন অ্যানা হ্যাথওয়ে।
মৃত্যুর কিছুদিন আগে রোয়াল্ড ডাল সান ফ্রান্সিসকো থেকে দুই শিশুর একটি চিঠি পেয়েছিলেন। চিঠিতে আলিজা ও তামার লিখেছিল : “প্রিয় মি ডাল আমরা আপনার বইগুলো খুব পছন্দ করি। কিন্তু একটা সমস্যা আছে...আমরা
ইহুদি!! আমরা
আপনার বই পছন্দ করি কিন্তু আপনি আমাদের পছন্দ করেন না, কারণ আমরা ইহুদি। আপনি কি অনুগ্রহ করে ইহুদিদের নিয়ে অপনার মন্তব্যগুলো পরিবর্তন করতে পারেন। ভালোবাসা।
সূত্র: দ্য গার্ডিয়ান










