তার আগে আমেরিকার টেলিভিশনের ঝলমলে দুনিয়ায় কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের দৌড় ছিল বাড়ির চাকরদের চরিত্র পর্যন্ত। সেই পরিস্থিতিতেই বদল আনেন অভিনেত্রী নিশেল নিকোলস। গত শতকের ষাটের দশকে তুমুল জনপ্রিয় টিভি সিরিজ স্টার ট্রেকে কমিউনিকেশন অফিসারের চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন এ অভিনেত্রী। কিংবদন্তি নিশেল নিকোলস যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাতে মৃত্যুবরণ করেছেন।
৮৯ বছর বয়সী নিশেল নিউ মেক্সিকোর সিলভার সিটিতে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন তার ছেলে কাইলি জনসন। ফেসবুকবার্তায় তিনি বলেন, একটা জীবন ছিল তার, যেটা তিনি খুব ভালোভাবে যাপন করেছেন এবং আমাদের জন্য একটি মডেল তৈরি করেছেন। প্রাচীন কোনো ছায়াপথের মতো তার আলো এখন দেখা যাচ্ছে। আমরা ও ভবিষ্যৎ প্রজন্ম তা উপভোগ করতে, শিখতে ও অনুপ্রেরণা পেতে শিখব।
আমেরিকান বিনোদনজগতে কৃষ্ণাঙ্গ নারীদের অভিনয়ের ক্ষেত্রে বাধা দূর করতে বড় ভূমিকা পালন করেছিলেন নিকোলস। ১৯৬৬-৬৯ পর্যন্ত চলা স্টার ট্রেক সিরিজের লেফটেন্যান্ট উহুরা চরিত্রই নিকোলসকে সারা জীবনের জন্য সম্মানজনক অবস্থান অর্জনে সহায়তা করে। এর আগ পর্যন্ত টেলিভিশনে অল্প কিছু কৃষ্ণাঙ্গ নারী শুধু চাকরবাকরের ভূমিকায় অভিনয় করতেন। পাশাপাশি জাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও সহঅভিনেতা উইলিয়াম শাটনারকে সে সময়ে প্রথম অনস্ক্রিন চুম্বন করেও তিনি আরো একটি স্টেরিওটাইপ ভেঙে দিয়েছিলেন। নিশেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। স্টার ট্রেক ওয়ার্ল্ডের অনেক সহশিল্পী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিকোলস ১৪ বছর বয়সে গায়িকা ও নাচিয়ে হিসেবে প্রথম কাজ শুরু করেন। পর্দায় পা দেয়ার আগে তিনি ডিউক এলিংটন ও লিওনেল হ্যাম্পটন ব্যান্ডের সঙ্গে কাজ করেন। ১৯৫৯ সালে পর্গি অ্যান্ড বেস সিনেমা দিয়ে হলিউডে যাত্রা করেন তিনি। কয়েকটি সিনেমা ও টিভি শো শেষে স্টার ট্রেকে অভিনয়ই তাকে এনে দেয় তারকাখ্যাতি। পরে ১৯৭৯ সালে স্টার ট্রেক: দ্য মোশন পিকচার্সের মাধ্যমে শুরু হওয়া এবং ঘন ঘন কয়েকটি স্টার ট্রেক ফ্যানের কনভেনশনের মাধ্যমে বড় পর্দার ছয়টি স্পিনঅফে অংশ নেন নিকোলস। কাজ করেন নাসার প্রোগ্রাম প্রমোশনে এবং নিয়োগকারী হিসেবেও। সে সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং নারীদের মহাকাশ সংস্থায় কাজের উৎসাহ দিতে তিনি কাজ করেছেন।
তাছাড়া সম্প্রতি আরেকটি টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ অভিনয় করেছিলেন নিকোলস। সেখানে এক তরুণ ছেলের রহস্যময় ক্ষমতাসম্পন্ন আত্মীয়র চরিত্রায়ন করেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










