বলিউডে ইদানীং ডাক পাচ্ছেন দক্ষিণী তারকারা। কেন্দ্রীয় চরিত্রে তারা খুব বেশি সাড়া ফেলতে না পারলেও সাড়া ফেলছেন আইটেম সংয়ে। এ বছর বলিউডে আয়ের দিক থেকে চমক দিয়েছে ‘স্ত্রী টু’। সেই সঙ্গে চমক দিলেন তামান্না ভাটিয়াও। সিনেমায় আছে তার একটি আইটেম সং। ‘আজ কি রাত’ শিরোনামের গানটি নিয়ে তৈরি হয়েছে বহু রিল। একটি গানের মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। কিন্তু তামান্না মনে করেন, বলিউ়ডের তুলনায় দক্ষিণী সিনেমায় গল্প কথনের ভঙ্গি অনেক সুন্দর।

দক্ষিণ ভারতের সিনেমা বলিউডের তুলনায় সফল হচ্ছে, এটি সবারই জানা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন, দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোয় শিকড়ের গল্প বেছে নেয়া হয়। সে কারণেই তা দর্শককে আকৃষ্ট করে বেশি। অভিনয় জীবনে তামান্না তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দি সিনেমায়ও কাজ করছেন। তাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোথায় বলিউ়ডের সিনেমা দক্ষিণী সিনেমা থেকে আলাদা বলে মনে করেন? এর উত্তরে তামান্না বলেন, ‘আমি যতটুকু দেখেছি তাতে মনে হয়, দক্ষিণী সিনেমা অনেক বেশি আঞ্চলিক। তবে সারা বিশ্বে এখানকার সিনেমার ডাবিং হচ্ছে। তার কারণ দক্ষিণী সিনেমায় শিকড়ের গল্প অনেক বেশি।’

তিনি মনে করেন, মানুষের আবেগ নিয়ে কাজ করতে ভালোবাসেন দক্ষিণী নির্মাতারা। তার ভাষায়, ‘বিভিন্ন আঙ্গিকে মানুষের আবেগের কথাই বলে এ সিনেমাগুলো। নিজেদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রেখেই তারা সিনেমা করার পক্ষপাতী। নানা স্তরের মানুষের জন্য একটি সিনেমা তৈরির কথা ভাবা হয় না। বরং যে বিষয় তারা খুব ভালোভাবে জানেন, শুধু সেটুকুই বলার চেষ্টা করেন। আমার মনে হয়, এটাই দক্ষিণী সিনেমার সাফল্যের দিক।’

তামান্নার দাবি, বলিউড চেষ্টা করে ‘সবার জন্য’ সিনেমা তৈরি করতে। সবসময় যে এ পদ্ধতি সাফল্য লাভ করে, এমন নয়। মানুষের গল্প বলা সিনেমার কথা বলতে গিয়ে তিনি বলিউডে ‘লাপাতা লেডিজ়’-এর নাম উল্লেখ করেন।

সূত্র: বলিউড হাঙ্গামা