ম্যানহাটনের ওয়েস্ট চেলসিতে ১৭ বছর আগে ৪৯ লাখ মার্কিন ডলারে পেন্টহাউজ কিনেছিলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী কেট উইন্সলেট। মাস ছয়েক আগে ৫৭ লাখ ডলার চাহিদায় এ অ্যাপার্টমেন্ট বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল। ২০০৪ সালে উইন্সলেট ও তার সাবেক স্বামী স্যাম মেন্ডেজ ৪৯ লাখ ডলার দিয়ে এটি কিনেছিলেন।

বহুদিন ধরে এ অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে রেখেছিলেন কেট। এর প্রতি মাসের ভাড়া ছিল ৩০ হাজার ডলার। তিন হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্টটি একটি পাঁচতলা ভবনে। এটি বেশ পুরনো, ১৯৩০ সালে নির্মিত বাড়ি।

হলিউড রিপোর্টার জানাচ্ছে, বাজার বিশ্লেষকদের মতে খরচ বৃদ্ধি ও রিয়েল এস্টেট ফির হিসাব মাথায় রাখলে বলতে হয় এ অ্যাপার্টমেন্ট বিক্রি করে খুব একটা আর্থিক লাভ হয়নি কেটের।

কেটের এ অ্যাপার্টমেন্টে ছিল একটি দেয়ালে মেঝে থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত বইয়ের তাক, ফায়ারপ্লেস, ওপেন কনসেপ্ট কিচেন, কাঠের ক্যাবিনেট, ভেনেশিয়ান ঝাড়বাতির মতো অভিজাত নানা সজ্জা।

ট্যাক্স রেকর্ড ও অন্যান্য সূত্রমতে কেট উইন্সলেটের স্বামী এখন এডওয়ার্ড আবেল স্মিথ। তিনি বিলিয়নেয়ার রিচার্ড ব্রানসনের ভাতিজা।

টাইটানিকখ্যাত কেট উইন্সলেট এখন বেশির ভাগ সময় বসবাস করেন যুক্তরাজ্যে। সাসেক্সের পশ্চিম উইটারিংয়ে তার আছে কয়েক একরের ওপর বাড়ি। লন্ডন থেকে ৯০ মাইল দূরের এ বাড়ি কেট কিনেছিলেন ২০১১ সালে, ৩২ লাখ ৫০ হাজার পাউন্ডে।

 

সূত্র: হলিউড রিপোর্টার