জেমস বন্ডের ৬০ বছর পূর্তি হচ্ছে। এর মধ্যে বন্ডের চরিত্রে অভিনয় করেছেন হলিউডের সেরা অভিনেতারা। শন কনারি থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেইগ পর্যন্ত সাতজন অভিনয় করেছেন বন্ড চরিত্রে। ছিলেন ডেভিড নিভেন, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন ও পিয়ার্স ব্রসনান। কিন্তু দিন দিন বন্ডের সিনেমা উন্নত করা হচ্ছে। ভিন্ন ধারায় উপস্থাপন করা হচ্ছে জেমস বন্ডকে। বন্ডকে নিয়ে হচ্ছে নানা রকম নিরীক্ষা। সে কারণে বন্ড চরিত্রে অভিনয়ের জন্য নতুন মুখ খুঁজছেন ফ্র্যাঞ্চাইজির প্রযোজকরা।
বন্ডের নতুন সিনেমায় বা নতুন বন্ড হিসেবে ইদ্রিস এলবার নাম উঠে এসেছিল। কিন্তু তিনি নিজেই বলেছেন, আয়নায় তাকালে আমি নিজের মধ্যে বন্ডকে দেখি না। ইদ্রিস তার নিজের মতো করে বলেছেন এবং তার কথার অর্থ হলো, ফ্লেমিংয়ের বন্ড যে চেহারা পাঠক বা দর্শকের মনের পর্দায় তৈরি করে তা এলবার নেই বা তিনি তেমনটি নন। ডানা ব্রকোলি ও মাইকেল উইলসন অবশ্য বলছেন, বন্ড হিসেবে তারা এলবাকে পছন্দ করেন। কিন্তু নতুন বন্ড এলেই তিনি হবেন কিনা তা অনেক পরের ব্যাপার।
প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছিল তারা নতুন মুখ খুঁজছেন, তবে এখনই কাউকে কাস্ট করতে হবে বিষয়টি এমন নয়। তারা বছর দুয়েক অপেক্ষা করবেন। এরপর যাকেই নেয়া হোক না কেন, এটি হবে ১০-১২ বছরের চুক্তি। ফলে ভাবতে হবে প্রযোজক ও অভিনেতাদেরও। অভিনেতাদের অনেকে আবার মনে করেন, ব্রকোলি ও উইলমন বন্ড নিয়ে খুব দীর্ঘ পরিকল্পনা করছেন না।
তবে সত্যটা হলো জেমস বন্ডের চরিত্র এতটাই অনন্য যে এ চরিত্রে যে কাউকে কাস্ট করা যায় না। এ কারণেই ৬০ বছরে মাত্র সাতজনই বন্ডের পোশাক পরেছেন। ব্রসনান একবার বলেছিলেন, ‘বন্ডের চরিত্রে যে ক’জন অভিনয় করেছেন তার চেয়ে ঢের বেশি মানুষ চাঁদের বুকে হেঁটেছে।’
আর এ সময়ে এসে প্রযোজকরা বন্ডকে আরো নতুন করে উপস্থাপন করতে চাইছেন। যেমন ডানা বলেন, ‘মানুষ যেমন দিন দিন পরিবর্তন ও পরিণত হচ্ছে, বন্ড চরিত্রটিও তেমনি পরিবর্তন ও পরিণত হচ্ছে। এর মধ্যে ড্যানিয়েল ক্রেইগ এ চরিত্রের আবেগটা ধরতে পেরেছেন। বন্ডের আবেগের জায়গাটা পুরোপুরিভাবে ধরা গিয়েছে ড্যানিয়েল ক্রেইগের সিনেমাগুলোর মধ্য দিয়ে।’
বন্ডকে নতুন করে উপস্থাপন বা অভিনেতা পরিবর্তনের কথা বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। ২০২১ সালে প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২২ সালের আগে এ নিয়ে কোনো আলোচনা করা হবে না।
এ বছর ফের যখন আলোচনাটি শুরু হয়েছে, ডানা ও মাইকেলের বক্তব্য হেঁয়ালিপূর্ণই মনে হয়। তারা স্পষ্ট করেই বলেছেন, নতুন যে অভিনেতাই যুক্ত হন না কেন, তাকে ১০ বছরের জন্য যুক্ত হতে হবে। তাদের মতে, এটি মূলত একজন অভিনেতার জীবন ও ক্যারিয়ার পরিবর্তন করার মতো সিদ্ধান্ত হবে। সে কারণেই সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে তারা বন্ডের ৬০ বছর পূর্তি সফলভাবে পালন করতে চান।
সূত্র: ভ্যারাইটি










