সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড বিইং হিউম্যান ক্লদিংয়ের আউটলেট উদ্বোধন উপলক্ষে গতকাল ঢাকায় এসেছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল খান। গতকাল বেলা ২টা নাগাদ এ বলিউড তারকা বনানীতে অবস্থিত বিইং হিউম্যানের আউটলেটে পৌঁছান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন এক দল নৃত্যশিল্পী। এ সময় সোহেল খান নিজেও নাচে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি। এ আয়োজনের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল খান।

ঢাকায় এসে কেমন লাগছে এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। বিশেষ করে মানুষের মুখে হাসি আর উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। সবাইকে অনেক হাসিখুশি লাগছে। দেখে মনে হচ্ছে, তারা প্রত্যেকেই সালমানের বিইং হিউম্যানের আউটলেট উদ্বোধনের অংশীদার। আমি এখানে আসার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, বিইং হিউম্যানকে বাংলাদেশের মানুষ কীভাবে গ্রহণ করবে। তবে এখানে এসে সব শঙ্কা কেটে গেল।’

সোহেল খান আরো বলেন, ‘বিইং হিউম্যান একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এটি সালমান খান ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে। ঢাকায় এর শোরুম চালু করে সালমান খান ও পরিবার-পরিজনরা আনন্দিত। এখানে জনপ্রিয়তা পেলে প্রতিষ্ঠানটির আরো কয়েকটি শাখা বাংলাদেশে চালু করা হবে।’

সালমান কি বনানীর আউটলেটে আসবেন না কখনো? এমন প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করলেন সোহেল। বললেন, ‘এটা তো ওরই দোকান! পৃথিবীর যেখানেই থাকুক ও এখানে আসবেই। বাট এ মুহূর্তে ওর আসার পরিস্থিতি ছিল না বলেই আমি এলাম এ হাসিমুখ দেখতে।’ সবশেষে এ তারকা বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ২০১২ সালে ভারতের মুম্বাইয়ে শুরু হয় বিইং হিউম্যান। ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০-এর বেশি আউটলেট রয়েছে তাদের।